লাইব্রেরির তাকে বইয়ের বদলে মদের বোতল! ডায়মন্ড হারবারে চাঞ্চল্য – এবেলা

এবেলা ডেস্কঃ
বইয়ের বদলে মদের ভাণ্ডার! ডায়মন্ড হারবারের লাইব্রেরি নিয়ে তোলপাড়
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের কপাটহাট এলাকার একটি লাইব্রেরি ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ প্রকাশ্যে এসেছে। যে স্থানে জ্ঞানচর্চার কেন্দ্র হওয়ার কথা, সেখানে বইয়ের তাক জুড়ে সারি সারি মদের বোতল ও কার্টন দেখে হতবাক স্থানীয় মানুষ। দীর্ঘদিন ধরে এই পাঠাগারটিকে মদের গুদাম হিসেবে ব্যবহার করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে।
বইয়ের তাক জুড়ে মদের কার্টন
স্থানীয়দের দীর্ঘদিনের সন্দেহের অবসান ঘটে গত রাতে। এলাকার বাসিন্দাদের একাংশের দাবি, লাইব্রেরিটি দীর্ঘদিন ধরে তালাবন্ধ ছিল এবং গভীর রাতে সেখানে অস্বাভাবিক যাতায়াত লক্ষ্য করা যেত। এই পরিস্থিতিতে স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকরা তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন। অভিযোগ, লাইব্রেরির ভেতর বইয়ের পরিবর্তে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মদের পেটি ও কার্টন। এছাড়া ওই একই স্থানে তৃণমূল কংগ্রেসের ব্যানার এবং মহিলাদের পোশাক পাওয়ার দাবিও তুলেছেন বিজেপি নেতৃত্ব।
রাজনৈতিক উত্তাপ ও পুলিশের তদন্ত
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। বিজেপির অভিযোগ, শাসকদলের এক নেতার মদতেই লাইব্রেরিটি দখল করে সেটিকে মদের আড্ডায় পরিণত করা হয়েছিল। ঘটনার পরই ডায়মন্ড হারবার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মদের বোতলগুলি বাজেয়াপ্ত করেছে। লাইব্রেরি চত্বরটি ঠিক কীভাবে অসামাজিক কার্যকলাপের কেন্দ্র হয়ে উঠল এবং এর সঙ্গে কারা সরাসরি জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার জেরে লাইব্রেরির পবিত্রতা রক্ষা এবং সরকারি সম্পত্তি দখলের বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
