‘লাভ জিহাদ’ ঠেকাতে কড়া পদক্ষেপ! ভারত-এর এই রাজ্যে বিয়ের নিয়মে হঠাৎ বড় পরিবর্তন
গুজরাতে ‘লাভ জিহাদ’ রুখতে এবং সনাতন ধর্ম রক্ষায় বিবাহ নিবন্ধন আইনে বড়সড় বদল আনতে চলেছে রাজ্য সরকার। উপ-মুখ্যমন্ত্রী হর্ষ সাংঘভি বিধানসভায় ২০০৬ সালের বিবাহ নিবন্ধন আইনের সংশোধনী বিল পেশ করেছেন। প্রস্তাবিত এই নিয়ম অনুযায়ী, এখন থেকে বিয়ের আবেদনের ১০ দিনের মধ্যে পাত্র-পাত্রীর অভিভাবকদের বিষয়টি জানাতে হবে। তাঁদের লিখিত সম্মতি পেলেই কেবল বিবাহ নথিভুক্ত করা সম্ভব হবে।
নতুন এই বিলে আবেদনপত্রে বাবা-মায়ের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। সরকারের দাবি, রাজ্যের বিভিন্ন জেলা থেকে ভিন্ন ধর্মের বিয়ের হার অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় এই পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে। বিশেষ করে পঞ্চমহল ও বনাসকাঁঠার মতো এলাকায় ক্রমবর্ধমান এই প্রবণতাকে ‘লাভ জিহাদ’ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। নারীর মর্যাদা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতেই এই সিদ্ধান্ত।
মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের নির্দেশে আইন দফতর বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনার পর এই খসড়া তৈরি করেছে। তবে বিলটি এখনই পাশ করাচ্ছে না সরকার। আগামী এক মাস সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিরা এই বিষয়ে তাঁদের মতামত ও পরামর্শ জানাতে পারবেন। উল্লেখ্য, পাতিদার আনামত আন্দোলন সমিতি সহ একাধিক সংগঠন বিবাহ নিবন্ধনে অভিভাবকের সম্মতি বাধ্যতামূলক করার দাবি জানিয়ে আসছিল।

