লাহোরে গুলিবর্ষণ, আবারও কি সেই রহস্যময় গানম্যান?

পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতা সদস্য ও হাফিজ সইদের ঘনিষ্ঠ সহযোগী আমির হামজাকে লক্ষ্য করে লাহোরে গুলি চালানোর ঘটনা ঘটেছে। স্থানীয় একটি সংবাদ চ্যানেলের অফিসের বাইরে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের গুলিতে তিনি গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানা গেছে। তবে এই হামলার পেছনে কারা জড়িত, তা এখনও স্পষ্ট নয়।
লস্কর-ই-তৈবার কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে আমির হামজা সংগঠনের তহবিল সংগ্রহ, সদস্য নিয়োগ এবং বন্দি জঙ্গিদের মুক্তির আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। ভারতের বিরুদ্ধে একাধিক জঙ্গি হামলায় জড়িত থাকার অভিযোগে মার্কিন ট্রেজারি বিভাগ তাকে নিষিদ্ধ তালিকাভুক্ত করেছে। ২০১৮ সালে তিনি ‘জইশ-ই মানকাফা’ নামে নতুন একটি সংগঠন তৈরি করেন, যা জম্মু-কাশ্মীরসহ বিভিন্ন স্থানে সক্রিয়। লস্করের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখা এই জঙ্গি নেতার ওপর হামলার পর পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
