লিভ-ইন সঙ্গিনীকে গলা কেটে নৃশংস হত্যা, বুলন্দশহরে গ্রেফতার প্রেমিক ও তার সহযোগী – এবেলা
এবেলা ডেস্কঃ
উত্তরপ্রদেশের বুলন্দশহরের নারসেনা এলাকায় দিল্লির এক মহিলার মুণ্ডহীন দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম বাবলি দেবী (৩৮), যিনি দিল্লির কল্যাণপুরীর বাসিন্দা ছিলেন। গত ১৫ মার্চ জঙ্গল থেকে তাঁর পচাগলা দেহ উদ্ধার হলেও সম্প্রতি তাঁর পরিবারের সদস্যরা শনাক্তকরণের পর আসল রহস্য প্রকাশ্যে আসে। এই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে মূল অভিযুক্ত বিকাশ কুমার ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।
তদন্তে জানা গেছে, স্বামীর মৃত্যুর পর বাবলি গত তিন বছর ধরে বিকাশের সাথে লিভ-ইন সম্পর্কে ছিলেন। তবে সম্প্রতি বিকাশ অন্য একজনকে বিয়ে করার সিদ্ধান্ত নিলে তাঁদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। বাবলিকে নিজের পথ থেকে সরাতে গত ১৫ মার্চ প্রলোভন দেখিয়ে তাঁকে বুলন্দশহরে নিয়ে আসে বিকাশ। সেখানে সহযোগীদের নিয়ে মদ্যপানের পর ধারাল অস্ত্র দিয়ে বাবলির মাথা কেটে নৃশংসভাবে খুন করে সে।
পরিচয় গোপন রাখতে ধড় থেকে ৫০০ মিটার দূরে মাথাটি ফেলে দেওয়া হয়েছিল। এমনকি পুলিশকে বিভ্রান্ত করতে বিকাশ নিজেই একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেছিল। তবে মোবাইল লোকেশন ও নজরদারির ভিত্তিতে পুলিশ তাকে গাজিয়াবাদ থেকে পাকড়াও করে। ধৃতদের কাছ থেকে খুনে ব্যবহৃত অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা ও তথ্যপ্রমাণ লোপাটের মামলা রুজু করে ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ।

