লোকতন্ত্র সেনানীদের জন্য ১০ হাজার টাকা ভাতা ও ফ্রি বাসের ঘোষণা! – এবেলা

এবেলা ডেস্কঃ

১৯৭৫ সালের জরুরি অবস্থার বিরুদ্ধে আন্দোলনকারী ৩২৫ জন ‘লোকতন্ত্র সেনানী’কে সংবর্ধনা দিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায়ও। এই বীর সংগ্রামীদের প্রত্যেককে তাম্রপদক দিয়ে সম্মান জানানোর পাশাপাশি তাঁদের জন্য মাসিক ১০ হাজার টাকা ভাতা, সরকারি বাসে বিনামূল্যে ভ্রমণ এবং সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সহায়তার কথা ঘোষণা করা হয়। এছাড়া, প্রয়াত লোকতন্ত্র সেনানীদের স্ত্রী বা স্বামীরাও এই সমস্ত সরকারি সুযোগ-সুবিধা ভোগ করবেন বলে জানানো হয়েছে, যা পরিবারগুলিকে বড় ধরনের আর্থিক ও সামাজিক নিরাপত্তা প্রদান করবে।

জরুরি অবস্থার ভয়াবহ দিনগুলির কথা স্মরণ করে মুখ্যমন্ত্রী জানান, সে সময় গোটা দেশে প্রায় এক লক্ষ মানুষ জেলবন্দি হয়েছিলেন, যার মধ্যে শুধু বাংলা থেকেই ছিলেন অন্তত ৫ হাজার জন। গণতন্ত্রের কণ্ঠরোধের বিরুদ্ধে তাঁদের এই ঐতিহাসিক ত্যাগের কথা নতুন প্রজন্মের সামনে তুলে ধরেন তিনি। পাশাপাশি, আগামী ১৩ আগস্ট ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে মুখ্যসচিবের নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কমিটির মাধ্যমেই শ্যামাপ্রসাদের আদর্শ ও বঙ্গভঙ্গের প্রকৃত ইতিহাস রাজ্যের পাঠ্যপুস্তকের সিলেবাসে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *