লেটেস্ট নিউজ

শক্তিশালী ‘অরিদমন’: সমুদ্রসীমায় ভারতের তৃতীয় পারমাণবিক সাবমেরিন শীঘ্রই

ভারত মহাসাগরে চিনের ক্রমবর্ধমান নজরদারির জবাবে জলপথে নিজেদের শক্তি আরও বাড়াতে চলেছে ভারত। আগামী দুই মাসের মধ্যে জলে ভাসতে চলেছে দেশের তৃতীয় পারমাণবিক সাবমেরিন ‘অরিদমন’। বিশাখাপত্তনমের জাহাজ নির্মাণ কেন্দ্রে নির্মিত এই ডুবোজাহাজটি ‘শিপ সাবমার্সিবল ব্যালিস্টিক নিউক্লিয়ার’ (SSBN) শ্রেণির অন্তর্ভুক্ত। বর্তমানে ভারতের নৌবহরে ‘অরিহন্ত’ ও ‘অরিঘাত’ নামে দুটি শক্তিশালী পারমাণবিক সাবমেরিন সক্রিয় রয়েছে।

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, ‘অরিদমন’ ভারতের ‘সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি’ বা পাল্টা পরমাণু হামলার সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেবে। এই সাবমেরিনটিতে ৭৫০ কিলোমিটার পাল্লার কে-১৫ এবং ৩,০০০ কিলোমিটারের বেশি পাল্লার কে-৪ ব্যালিস্টিক মিসাইল মোতায়েন থাকবে। সমুদ্রের গভীরে লুকিয়ে থেকে শত্রুপক্ষের পরমাণু পরিকাঠামো ধ্বংস করার ক্ষমতা রাখায় এটি রণকৌশলগত দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

১৯৭১ সালের যুদ্ধের পর থেকেই জলপথে পারমাণবিক সক্ষমতার প্রয়োজনীয়তা অনুভব করেছিল ভারত। সেই লক্ষ্যপূরণে ২০১৬ সালে প্রথম ‘অরিহন্ত’ যুক্ত হওয়ার পর এবার তৃতীয় সাবমেরিনটি অভিযানের জন্য প্রস্তুত। এখানেই শেষ নয়, চলতি বছরের মধ্যেই চতুর্থ পারমাণবিক সাবমেরিনটিও সমুদ্রে নামানোর লক্ষ্য রয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের। এই অগ্রগতির ফলে ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারতের প্রতিরক্ষা বলয় আরও দুর্ভেদ্য হয়ে উঠবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *