শনি-রবি ও ছুটির দিনেও ডিউটি! নবান্নের নয়া নির্দেশিকায় শোরগোল – এবেলা

শনি-রবি ও ছুটির দিনেও ডিউটি! নবান্নের নয়া নির্দেশিকায় শোরগোল – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্য সরকারের প্রশাসনিক কাজে আরও গতি আনতে এক নজিরবিহীন পদক্ষেপ করল নবান্ন। এবার থেকে শনি, রবি এবং অন্যান্য সরকারি ছুটির দিনগুলোতেও খোলা রাখতে হবে অফিস। রাজ্যের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দফতরের কর্মীদের পালা করে ছুটির দিনগুলোতে অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কাজের গতি বাড়াতেই কড়া পদক্ষেপ

দফতরের অতিরিক্ত মুখ্যসচিবের অনুমোদনে বৃহস্পতিবার বিশেষ সচিব এই বিজ্ঞপ্তি জারি করেন। নির্দেশিকায় জানানো হয়েছে, উচ্চপদস্থ আধিকারিকেরা ছুটির দিনেও গুরুত্বপূর্ণ সরকারি কাজ পরিচালনা করে থাকেন। তাঁদের প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা বা তৎক্ষণাৎ ব্যাকআপ দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছুটির দিনগুলোতে ন্যূনতম সংখ্যক কর্মী বা ‘স্কেলিটন স্টাফ’ রোস্টার মেনে অফিসে উপস্থিত থাকবেন, যাতে কোনোভাবেই সরকারি কাজে ব্যাঘাত না ঘটে এবং তা মসৃণভাবে এগোয়।

প্রভাব পড়তে পারে জেলা স্তরেও

এই বিশেষ দফতরের অধীনেই রাজ্যের বিভিন্ন জেলাশাসক, মহকুমাশাসক এবং বিডিও-র দফতরগুলো পরিচালিত হয়। নবান্ন সূত্রে খবর, আগামী দিনে পর্যায়ক্রমে নিচুতলার এই সরকারি অফিসগুলোর জন্যেও ছুটির দিনে পালা করে হাজিরা দেওয়ার নির্দেশিকা জারি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এর ফলে সার্বিকভাবেই রাজ্য প্রশাসনের কাজে গতি আসবে বলে মনে করা হচ্ছে।

পাশাপাশি, রাজ্য সরকারি কর্মীদের ছুটির বিষয়ে অর্থ দফতর একটি পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট অনুযায়ী, ৬ জুন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মদিন উপলক্ষে পূর্ণদিবস এবং ১ জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে অর্ধদিবস ছুটির অনুমোদন দিয়েছেন রাজ্যপাল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *