শনিবার ব্রিগেডে মোদীর মেগা সভা: যান চলাচল ও নিরাপত্তা নিয়ে কড়া নজরদারি – এবেলা
এবেলা ডেস্কঃ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল কলকাতায় ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক বিশাল জনসভায় ভাষণ দেবেন। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আয়োজিত এই কর্মসূচি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একই মঞ্চ থেকে তিনি সড়ক, রেল ও বন্দর পরিকাঠামো সংক্রান্ত একাধিক কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। মূলত বিজেপির রাজ্যব্যাপী ‘পরিবর্তন যাত্রা’-র সমাপ্তি উপলক্ষ্যে এই সভার আয়োজন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে শহরজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। কলকাতা পুলিশ, রাজ্য পুলিশের নিরাপত্তা অধিকরণ ও এসপিজি যৌথভাবে সুরক্ষার দায়িত্বে থাকছে। ব্রিগেডে আসা জনসমাগমের কথা মাথায় রেখে ময়দানের আশপাশে বিশেষ পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। শিয়ালদা ও হাওড়া স্টেশন থেকে দলীয় কর্মীদের পায়ে হেঁটে সভাস্থলে পৌঁছানোর সম্ভাবনা থাকায় যানজট এড়াতে তৎপর প্রশাসন।
শনিবার ব্রিগেডের আশেপাশে যান চলাচলে বড় কোনো নিষেধাজ্ঞা না থাকলেও প্রধানমন্ত্রীর কনভয় চলাচলের সময় সাময়িক নিয়ন্ত্রণ থাকবে। বিশেষ করে খিদিরপুর, লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউ, ডাফরিন রোড এবং কুইনস ওয়েতে ট্র্যাফিক নিয়ন্ত্রিত হতে পারে। পুলিশ জানিয়েছে, সাধারণ যাত্রীদের সুবিধার্থে বিকল্প রাস্তার পরিকল্পনা রাখা হয়েছে যাতে যান চলাচল স্বাভাবিক থাকে।

