শপথের এক সপ্তাহ, প্রথম সাত দিনেই ঝোড়ো ব্যাটিং নয়া বিজেপি সরকারের – এবেলা

শপথের এক সপ্তাহ, প্রথম সাত দিনেই ঝোড়ো ব্যাটিং নয়া বিজেপি সরকারের – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গে মসনদ পরিবর্তনের পর পার হয়ে গিয়েছে ঠিক এক সপ্তাহ। আর এই প্রথম সাত দিনেই একাধিক বড় ও নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে নিজেদের ভবিষ্যৎ রূপরেখা স্পষ্ট করে দিল রাজ্যের নতুন বিজেপি সরকার। রাজনৈতিক নিরাপত্তা ছাঁটাই থেকে শুরু করে সামাজিক ভাতা বৃদ্ধি, থমকে থাকা উন্নয়নমূলক কাজ চালু করা এবং বিতর্কিত বিষয়ে কড়া পদক্ষেপ— সব মিলিয়ে প্রথম সপ্তাহেই একগুচ্ছ বড় ‘অ্যাকশন’ নিয়েছে বর্তমান শাসক দল।

সুরক্ষায় কোপ ও হাইপ্রোফাইল গ্রেফতারি

ক্ষমতায় আসার পরপরই রাজনৈতিক ব্যক্তিত্বদের নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় রদবদল ঘটিয়েছে নতুন সরকার। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে নিয়ম-বহির্ভূত বা ‘নন ক্যাটেগরাইজড’ নিরাপত্তা ব্যবস্থা অবিলম্বে প্রত্যাহার করা হয়েছে। এই সিদ্ধান্তের অধীনেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘জেড প্লাস’ ক্যাটেগরির নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে।

পাশাপাশি আইন-শৃঙ্খলা ও দুর্নীতির প্রশ্নেও কঠোর অবস্থান দেখা যাচ্ছে। পুরনিয়োগ মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু এবং কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তনু সিংহের গ্রেফতারি রাজ্য রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে। এর পাশাপাশি আরজি কর কাণ্ডের জেরে দুই আইপিএস অফিসার অভিষেক গুপ্ত এবং ইন্দিরা মুখার্জিকে সাসপেন্ড করা হয়েছে। কলকাতা থেকে ঝাড়খণ্ডের প্রবীণ মাওবাদী নেত্রী এবং ‘বাংলা পক্ষ’ প্রধান গর্গ চট্টোপাধ্যায়ের গ্রেফতারিও এই সপ্তাহের অন্যতম বড় পদক্ষেপ।

সামাজিক উন্নয়ন ও কেন্দ্রীয় প্রকল্পের আগমন

রাজ্যে ক্ষমতায় এসেই পূর্ব প্রতিশ্রুতি মতো একগুচ্ছ সামাজিক প্রকল্পের ঘোষণা করেছে নতুন সরকার। আগামী ১ জুন থেকে বার্ধক্য ভাতা ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ২,০০০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই দিন থেকে চালু হতে চলেছে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প এবং রাজ্য সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে সফরের সুবিধাও কার্যকর হবে ওই দিন থেকেই।

এর পাশাপাশি বিগত সরকারের আমলে বকেয়া থাকা ‘আয়ুষ্মান ভারত’-সহ অন্যান্য সমস্ত কেন্দ্রীয় সরকারি প্রকল্প পশ্চিমবঙ্গে দ্রুত কার্যকর করার আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ করেছে মন্ত্রিসভা। দীর্ঘ দিন ধরে বন্ধ থাকা ডাব্লিউবিসিএস (এক্সিকিউটিভ) পরীক্ষাও দ্রুত নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে জানানো হয়েছে। একই সঙ্গে মহানগরের থমকে থাকা চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের কাজও শুক্রবার থেকে পুনরায় যুদ্ধকালীন তৎপরতায় শুরু করা হয়েছে।

কড়া নজর সীমান্ত ও শংসাপত্রে

জাতীয় নিরাপত্তা ও প্রশাসনিক স্বচ্ছতার স্বার্থে কিছু দীর্ঘমেয়াদি ও সংবেদনশীল সিদ্ধান্ত নিয়েছে নতুন মন্ত্রিসভা। ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ সম্পূর্ণ করতে বিএসএফ-কে আগামী ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এছাড়া, ২০১১ সালের পর থেকে রাজ্যে যত জাতিগত শংসাপত্র (কাস্ট সার্টিফিকেট) দেওয়া হয়েছে, সেগুলি সব পুনরায় যাচাই বা ভেরিফিকেশন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যের সমস্ত সরকারি স্কুলে এখন থেকে প্রার্থনা সঙ্গীত হিসেবে জাতীয় গান ‘বন্দে মাতরম’ গাওয়ার নির্দেশিকা জারি করেছে শিক্ষা দফতর। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রথম সপ্তাহের এই কড়া পদক্ষেপগুলির মাধ্যমে নতুন সরকার দুর্নীতি মুক্ত প্রশাসন ও জাতীয়তাবাদী এজেন্ডা বাস্তবায়নের স্পষ্ট বার্তা দিতে চাইছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *