শপথের ২৪ ঘণ্টাতেই নেপালে রাজনৈতিক ভূমিকম্প! গ্রেফতার হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ওলি – এবেলা
এবেলা ডেস্কঃ
কাঠমান্ডুর মসনদে রদবদল হতেই চরম নাটকীয়তা! ক্ষমতা হস্তান্তরের রেশ কাটতে না কাটতেই শ্রীঘরে নেপালের দাপুটে নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। দুর্নীতির অভিযোগ আর তরুণ প্রজন্মের ওপর দমনপীড়নের দায়ে এবার আষ্টেপৃষ্ঠে জড়ালেন এই হাই-প্রোফাইল রাজনীতিক।
শনিবার দুপুরে নেপাল পুলিশের মুখপাত্র ওম অধিকারী রয়টার্সকে নিশ্চিত করেছেন যে, শুধু ওলি নন, একই অভিযোগে জালে ধরা দিয়েছেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকও। গত সেপ্টেম্বর মাসে নেপাল জুড়ে চলা ‘জেন-জি’ (Gen-Z) বিক্ষোভ দমনে অতিরিক্ত বলপ্রয়োগ ও প্রাণহানির ঘটনায় তাঁদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে।
গৌরী বাহাদুর কারকির নেতৃত্বাধীন তদন্ত কমিশনের পেশ করা চাঞ্চল্যকর রিপোর্টের ভিত্তিতেই এই সাঁড়াশি অভিযান চালাল নবনির্বাচিত বালেন শাহ সরকার। কমিশনের রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে, আন্দোলনকারীদের ওপর অমানবিক ও অনিয়ন্ত্রিত বলপ্রয়োগের নেপথ্যে সরাসরি হাত ছিল ওলি এবং তাঁর মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রীর।
বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং সোশ্যাল মিডিয়ায় কড়া বার্তা দিয়ে জানিয়েছেন, “এটি কোনো প্রতিহিংসা নয়, বরং ন্যায়বিচারের শুরু। আইনের ঊর্ধ্বে কেউ নন।” বালেন শাহের এই ‘জিরো টলারেন্স’ নীতি হিমালয় ঘেরা দেশটির রাজনীতিতে এক নতুন এবং অভাবনীয় সমীকরণ তৈরি করল।

