শরীরে উল্কি বা ট্যাটু আঁকা কি ইসলামসম্মত? ভক্তদের কাছে প্রশ্ন রাখলেন অপু বিশ্বাস
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ইসলামে ট্যাটু’ বা উল্কি আঁকার বৈধতা নিয়ে একটি পোস্ট করেছেন। মঙ্গলবার নিজের অফিসিয়াল হ্যান্ডেলে লাল ব্যাকগ্রাউন্ডে সাদা অক্ষরে তিনি ভক্তদের কাছে জানতে চান, মুসলিম হিসেবে শরীরে ট্যাটু করা কতটা সঠিক? দীর্ঘ বিরতির পর অভিনেত্রীর এমন হঠাৎ জিজ্ঞাসায় নেটপাড়ায় বেশ শোরগোল পড়ে গিয়েছে।
মূলত নিজের সন্তান আব্রাহাম খান জয়ের একটি ইচ্ছাকে কেন্দ্র করেই এই প্রশ্নের অবতারণা করেছেন অপু। তিনি জানান, তাঁর ছেলে শরীরে ট্যাটু করতে চাইছে। একজন সচেতন মা এবং মুসলিম হিসেবে বিষয়টি কতটা গ্রহণযোগ্য হবে, তা যাচাই করতেই তিনি অনুসারীদের মতামত চেয়েছেন। তবে অভিনেত্রীর এই পোস্টের নেপথ্যে অন্য কোনো ইঙ্গিত বা উদ্দেশ্য রয়েছে কি না, তা নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ।
অপুর এই পোস্টে ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অধিকাংশ অনুসারীই ইসলামে ট্যাটু নিষিদ্ধ হওয়ার বিষয়টি উল্লেখ করে তাঁকে সতর্ক করেছেন। কেউ কেউ আবার অন্য কোনো অভিনেত্রীকে ইঙ্গিত করে এই পোস্ট করা হয়েছে বলে মন্তব্য করেছেন। যদিও এসব মন্তব্যের বিপরীতে অপু বিশ্বাস কোনো পাল্টা প্রতিক্রিয়া জানাননি। বর্তমানে তিনি ‘সিক্রেট’ ও ‘দুর্বার’ নামক নতুন দুটি চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

