শান্তি ফেরাতে মরিয়া আমেরিকা: পরমাণু কর্মসূচি বন্ধসহ ইরানকে ১৫ দফা শর্ত ট্রাম্পের – এবেলা
এবেলা ডেস্কঃ
মধ্যপ্রাচ্যে দীর্ঘ ২৬ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান ঘটাতে ইরানকে ১৫ দফা শর্ত সংবলিত যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এই আলোচনার প্রক্রিয়া সফল করতে এক মাসের সাময়িক যুদ্ধবিরতির পথে হাঁটতে পারে ওয়াশিংটন। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান শান্তি স্থাপনে আগ্রহী এবং সঠিক প্রতিনিধিদের মাধ্যমে বর্তমানে আলোচনা চলছে।
মার্কিন প্রস্তাবের মূল শর্তগুলোর মধ্যে রয়েছে ইরানের পরমাণু সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস করা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখা এবং নাতানজ ও ফরডোর মতো পারমাণবিক স্থাপনাগুলো ভেঙে ফেলা। এছাড়া হরমুজ প্রণালী উন্মুক্ত রাখা এবং মধ্যপ্রাচ্যের সশস্ত্র গোষ্ঠীগুলোকে অর্থ ও অস্ত্র সহায়তা বন্ধের দাবি জানিয়েছে আমেরিকা। এই কূটনৈতিক তৎপরতায় মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন বলে জানা গেছে।
তবে আমেরিকার এই কঠোর শর্ত ইরান মেনে নেবে কি না, তা নিয়ে গভীর সংশয় তৈরি হয়েছে। ইরানের Supreme \titleonly লিডারের উপদেষ্টা মোহসিন রেজাই পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, কোনো পরিকাঠামোতে আঘাত হানলে তার পরিণাম হবে ভয়াবহ। তেহরান পাল্টাচাল হিসেবে যুদ্ধের ক্ষয়ক্ষতিপূরণ এবং ইরানের ওপর থেকে সমস্ত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে। আপাতত দুই পক্ষের অনড় অবস্থানের কারণে শান্তিচুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত।

