শামির ৮ উইকেটে রঞ্জির সেমিতে ব্যাকফুটে জম্মু-কাশ্মীর, লিড পেল বাংলা
রঞ্জি ট্রফির সেমিফাইনালে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে বাংলার ত্রাতা হয়ে দাঁড়ালেন মহম্মদ শামি। মঙ্গলবার কল্যাণীর মাঠে বল হাতে একাই ধস নামালেন এই অভিজ্ঞ পেসার। শামির দাপুটে বোলিংয়ে জম্মু-কাশ্মীরের প্রথম ইনিংস ৩০২ রানেই গুটিয়ে যায়। ফলে প্রথম ইনিংস শেষে ২৬ রানের গুরুত্বপূর্ণ লিড অর্জন করল অভিমন্যু ঈশ্বরণের বাংলা।
জম্মু-কাশ্মীরের কানহাইয়া ও আবিদ জুটি একসময় বিপজ্জনক হয়ে উঠলেও শামি তাদের দ্রুত সাজঘরে ফেরান। লোয়ার অর্ডারে আকিব নবি ও যুদ্ধবীর সিং পাল্টা লড়াই চালিয়ে ব্যবধান কমানোর চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত শামিই এই জুটি ভেঙে বাংলাকে ম্যাচে ফেরান। ২২.১ ওভারে মাত্র ৯০ রান খরচ করে একাই ৮ উইকেট শিকার করেন তিনি।
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও শামির এই বিধ্বংসী পারফরম্যান্স নির্বাচকদের কড়া বার্তা দিল। মাঠ ছাড়ার সময় সতীর্থদের উষ্ণ অভিবাদনে সিক্ত হন বাংলার এই তারকা ক্রিকেটার। কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেও ঘরোয়া ক্রিকেটে তাঁর এই অসাধারণ ফর্ম ভারতীয় দলে প্রত্যাবর্তনের দাবিকে আরও জোরালো করে তুলল।

