শালবনি জমি দুর্নীতি মামলা: ফের ৫ দিনের সিআইডি হেফাজতে অভিষেকের PA সুমিত রায় – এবেলা

এবেলা ডেস্কঃ
September 20, 20266:45 pm
শালবনি জমি দুর্নীতি মামলায় এক বিরাট মোড়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী (PA) সুমিত রায়সহ এই মামলায় ধৃত চার অভিযুক্তের সিআইডি হেফাজতের মেয়াদ আরও ৫ দিন বাড়াল মেদিনীপুর আদালত। আট দিনের প্রথম দফার মেয়াদ শেষে শনিবার কড়া নিরাপত্তায় তাঁদের আদালতে পেশ করা হয়েছিল।
আদালতে পেশ ও কড়া নিরাপত্তা শনিবার সকালে ভবানী ভবন থেকে বের করে প্রথমে এসএসকেএম (SSKM) হাসপাতালে সুমিত রায়ের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। এরপর কড়া নিরাপত্তা বলয়ে তাঁদের মেদিনীপুর বিচারকের এজলাসে নিয়ে যাওয়া হয়। তদন্তের অগ্রগতির স্বার্থে গোয়েন্দারা ধৃতদের আরও কিছুদিন নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানান। আদালত তা মঞ্জুর করে অতিরিক্ত ৫ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেয়।
সিআইডি জেরায় বিস্ফোরক দাবি তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, টানা জেরার মুখে এবার মুখ খুলেছেন সুমিত রায়। গোয়েন্দাদের দাবি অনুযায়ী, জেরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে সুমিত জানান— “অভিষেকের নির্দেশেই টিএমসিপি-র (TMCP) অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা জমা পড়ত।”
সুমিতের এই কথিত স্বীকারোক্তি রাজ্য রাজনৈতিক মহলে তীব্র উত্তাপ ছড়িয়েছে। আগামী ৫ দিনের হেফাজতে তদন্তকারীরা ব্যাঙ্কের নথি ও লেনদেনের বিস্তারিত তথ্য খতিয়ে দেখে এই দাবির সত্যতা যাচাই করতে চলেছেন।
