শাহের ঝটিকা সফর: মমতার সরকারের বিরুদ্ধে কালই ‘চার্জশিট’ পেশ করবেন চাণক্য – এবেলা
এবেলা ডেস্কঃ
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ, শুক্রবার রাতেই বিশেষ সফরে কলকাতায় আসছেন। তাঁর এই ঝটিকা সফরের মূল লক্ষ্য হলো শনিবার শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির তৈরি বিশেষ ‘চার্জশিট’ প্রকাশ করা। নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে আয়োজিত সাংবাদিক বৈঠকে এই কর্মসূচি পালন করবেন তিনি। বিমানন্দরে তাঁকে স্বাগত জানাতে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের উপস্থিত থাকার কথা রয়েছে।
বিজেপির এই ‘চার্জশিটে’ মূলত রাজ্যের বর্তমান সরকারের আমলের দুর্নীতি, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা এবং কর্মসংস্থানের অভাবের মতো বিষয়গুলো স্থান পেয়েছে। এছাড়া সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) ও সপ্তম পে কমিশন কার্যকর না হওয়ার মতো ইস্যুগুলিকেও গুরুত্ব দিচ্ছে গেরুয়া শিবির। শাহের হাত ধরে এই অভিযোগপত্র প্রকাশের মাধ্যমে রাজ্যজুড়ে রাজনৈতিক চাপ তৈরির কৌশল নিয়েছে বিজেপি।
রাজনৈতিক মহলের মতে, এই চার্জশিট পেশের পরপরই এপ্রিলের শুরুতে বিধানসভা ভিত্তিক ইস্তেহার বা ‘সংকল্পপত্র’ প্রকাশ করতে পারে বিজেপি। ইতিমধ্যেই রাজ্যের ২৯৪টি আসনে স্থানীয় স্তরে অভিযোগপত্র পৌঁছে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরের মাধ্যমে শাসকদলের বিরুদ্ধে তোলা অভিযোগগুলোকে জনমানসে আরও জোরালোভাবে তুলে ধরতে চাইছে পদ্ম শিবির। কর্মসূচি শেষে কালই তাঁর দিল্লি ফেরার কথা।

