“শিক্ষা ব্যবস্থা ধ্বংস করছে তরুণদের ভবিষ্যৎ!” পেপার লিক ও দুর্নীতি নিয়ে কেন্দ্রকে তোপ রাহুলের – এবেলা

এবেলা ডেস্কঃ
September 12, 202610:33 am
দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা ও ধারাবাহিক পেপার লিকের (Paper Leak) ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে কড়া আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দিয়ে তিনি দাবি করেন, যে তরুণ প্রজন্মের কাঁধে দেশের ভবিষ্যৎ নির্ভর করছে, বর্তমান শিক্ষা ব্যবস্থা তাদের চরম হতাশার দিকে ঠেলে দিচ্ছে।
সামাজিক বার্তায় রাহুল গান্ধী উল্লেখ করেন—ক্রমাগত প্রশ্নপত্র ফাঁস, আকাশছোঁয়া ফি এবং বেহাল পরিকাঠামো লক্ষ লক্ষ পরীক্ষার্থীর মেধা ও সততাকে গ্রাস করছে। বছরের পর বছর কঠিন পরিশ্রমের পরেও যখন যুবসমাজ ব্যর্থতার মুখোমুখি হয়, তখন তা সমগ্র ব্যবস্থারই চরম ব্যর্থতাকে প্রমাণ করে। এই পরিস্থিতি বদলাতে হলে যারা প্রতিদিন এই অব্যবস্থার শিকার হচ্ছেন, সেই শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদেরই সোচ্চার হতে হবে বলে তিনি মন্তব্য করেন।
শিক্ষা ব্যবস্থার এই অচলাবস্থা কাটাতে এবং একটি ইতিবাচক পরিবর্তনের উদ্দেশ্যে একটি বিশেষ পদক্ষেপও নিয়েছেন রাহুল গান্ধী। তিনি সামাজিক মাধ্যমে একটি লিঙ্ক শেয়ার করে দেশজুড়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সরাসরি মতামত ও অভিজ্ঞতা জানানোর আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, সকলের সম্মিলিত প্রয়াস ও প্রস্তাবের মাধ্যমেই এই জঘন্য পরিস্থিতি থেকে বেরিয়ে আসা সম্ভব।
উল্লেখ্য, দেশে ক্রমবর্ধমান বেকারত্ব, পরীক্ষা সংক্রান্ত দুর্নীতি ও প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে ইতিমধ্যেই ‘ছাত্রোঁ কী গুঞ্জ’ (ছাত্রদের কণ্ঠস্বর) শীর্ষক অভিযান চালিয়ে যাচ্ছেন রাহুল। এর অংশ হিসেবে কোটা, প্রয়াগরাজ, পাটনা, দিল্লি, দেরাদুন ও পুণের মতো প্রধান শিক্ষা হাবগুলোতে ঘুরে সরাসরি পড়ুয়াদের মুখোমুখি হয়েছেন তিনি। মহারাষ্ট্রের এমপিএসসি (MPSC) পরীক্ষার অনিয়ম সহ একাধিক বিষয়ে তিনি সওয়াল করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশের যুবসমাজের এই ক্ষোভ আগামী দিনে জাতীয় রাজনীতির সমীকরণে বড় ধরণের প্রভাব ফেলতে পারে।
