শিয়ালদহ ডিভিশনে টানা ২৩ ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত যাত্রী, দুর্ভোগ চরমে পৌঁছাবে সপ্তাহান্তে – এবেলা
এবেলা ডেস্কঃ
সপ্তাহ শেষে শিয়ালদহ ডিভিশনের রেল যাত্রীদের জন্য দুঃসংবাদ। কাঁকুড়গাছি থেকে বালিগঞ্জ স্টেশনের মধ্যে একটি অতি পুরনো রেল ব্রিজের জরুরি সংস্কার কাজের জন্য শনিবার রাত ১০টা থেকে রবিবার রাত ৯টা পর্যন্ত টানা ২৩ ঘণ্টা পাওয়ার ব্লক থাকবে। এর ফলে আজ ও আগামীকাল মিলিয়ে এই শাখায় আপ ও ডাউন কর্ড লাইনের মোট ১৫টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। রেলের এই মেগা ব্লকের জেরে সপ্তাহান্তের ছুটিতে সাধারণ যাত্রীদের ব্যাপক ভোগান্তির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বাতিল ট্রেনের তালিকায় রয়েছে নৈহাটি-বজবজ, মধ্যমগ্রাম-মাঝেরহাট, ক্যানিং-বারাসাত এবং শিয়ালদহ-হাসনাবাদ রুটের একাধিক গুরুত্বপূর্ণ লোকাল। এছাড়াও এক ডজন ট্রেনকে সম্পূর্ণ যাত্রাপথ অতিক্রম না করিয়ে নির্দিষ্ট স্টেশনে সংক্ষিপ্ত করা হবে। রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, কাজের স্বার্থে এই সময় সংশ্লিষ্ট লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে। যাতায়াত স্বাভাবিক রাখতে শিয়ালদহ উত্তর শাখা থেকে দক্ষিণমুখী যাত্রীদের শিয়ালদহ স্টেশনে নেমে ট্রেন পরিবর্তন করার পরামর্শ দেওয়া হয়েছে।

