শীতের আগেই ঝরল জোড়াফুল, নতুন মুখ্যমন্ত্রী বাছতে আজই কলকাতায় রাজনাথ সিং

শীতের আগেই ঝরল জোড়াফুল, নতুন মুখ্যমন্ত্রী বাছতে আজই কলকাতায় রাজনাথ সিং

বাংলার রাজনৈতিক সমীকরণে ঐতিহাসিক পটপরিবর্তন ঘটিয়ে মসনদ দখলে নিল বিজেপি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর এখন রাজ্যজুড়ে মূল আলোচনার কেন্দ্রবিন্দু— কে হচ্ছেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী? এই জল্পনার অবসান ঘটাতে এবং সরকার গঠনের চূড়ান্ত প্রক্রিয়া ত্বরান্বিত করতে আজই দিল্লি থেকে কলকাতায় আসছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দলীয় সূত্রে খবর, তাঁর সাথে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরও আসার সম্ভাবনা রয়েছে।

দিল্লিতে বিশেষ বৈঠক ও রাজনাথের সফর

সোমবার নির্বাচনী ফলাফল প্রকাশের পর থেকেই উৎসবের আমেজ গেরুয়া শিবিরে। মঙ্গলবার সকালেই দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটি ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে বাংলার বিজয় ও পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হতে পারে। সেই বৈঠক শেষ করেই রাজনাথ সিং কলকাতার উদ্দেশে রওনা দেবেন। কলকাতায় পৌঁছে তিনি রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন এবং নবনির্বাচিত বিধায়কদের সাথে আলোচনা সাপেক্ষে মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করবেন। এরপর রাজভবনে গিয়ে সরকার গঠনের দাবি জানানোর প্রক্রিয়াও সম্পন্ন হতে পারে।

মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে যারা

বিজেপি আগেই ইঙ্গিত দিয়েছিল যে, ক্ষমতায় এলে কোনো বাঙালি ভূমিপুত্রকেই বাংলার প্রশাসনিক প্রধান করা হবে। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী পদের দৌড়ে সবথেকে জোরালো নাম হিসেবে উঠে আসছে শুভেন্দু অধিকারীর নাম। নন্দীগ্রামের পাশাপাশি দক্ষিণ কলকাতার ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে তিনি নিজের রাজনৈতিক গুরুত্ব প্রমাণ করেছেন।

তবে দৌড়ে পিছিয়ে নেই দিলীপ ঘোষ, শমীক ভট্টাচার্য কিংবা স্বপন দাশগুপ্তের মতো নেতারাও। যদিও শমীক ভট্টাচার্য কোনো কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা না করায় তাঁর ক্ষেত্রে আইনি কিছু বাধ্যবাধকতা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূলের এক দশকেরও বেশি সময়ের শাসনের অবসান ঘটিয়ে বিজেপি এখন এমন একজনকে সামনে আনতে চায়, যিনি প্রশাসনিক দক্ষতা ও জনভিত্তি— উভয় দিক থেকেই গ্রহণযোগ্য হবেন। রাজনাথ সিংয়ের এই সফর সেই চূড়ান্ত সিদ্ধান্তেই সিলমোহর দেবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *