শুনানির নোটিসে পর্যটনে ধস এবং বহু মানুষের ট্যুর বাতিলের জেরে মাথায় হাত ব্যবসায়ীদের – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যে চলমান এসআইআর বা বিশেষ নথি যাচাই প্রক্রিয়ার জেরে চরম সংকটে পড়েছে পর্যটন শিল্প। একের পর এক শুনানির নোটিস আসায় পূর্ব নির্ধারিত ভ্রমণ সূচি বাতিল করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। গলসি, পানাগড় ও মানকরসহ বিভিন্ন এলাকার পর্যটকরা শেষ মুহূর্তে বুকিং বাতিল করায় বড়সড় আর্থিক লোকসানের মুখে পড়েছেন বাস মালিক থেকে শুরু করে হোটেল ও পর্যটন ব্যবসায়ীরা। শুনানির দিন উপস্থিত থাকার বাধ্যবাধকতায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা বদলে এখন সরকারি নথি গোছাতেই ব্যস্ত থাকতে হচ্ছে সকলকে।
নথি জোগাড়ের এই লড়াইয়ে কেবল পর্যটন নয়, প্রভাব পড়েছে সাধারণের রোজগারেও। শুনানিতে হাজিরা দিতে গিয়ে অনেকের দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে, যার ফলে মধ্যবিত্ত সংসারে অভাব দেখা দিচ্ছে। উৎসব বা ছুটির মরসুমে যেখানে পর্যটন ব্যবসায়ীদের লাভের মুখ দেখার কথা, সেখানে একের পর এক ট্যুর বাতিল হওয়ায় তারা দিশেহারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই প্রক্রিয়ার ফলে একদিকে যেমন মানসিক হয়রানি বাড়ছে, তেমনই পরোক্ষভাবে আর্থিক মন্দার কবলে পড়ছেন পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত কয়েক হাজার মানুষ।

