শুভেন্দুর সঙ্গে হাইপ্রোফাইল বৈঠক! সোমবারে ওম বিড়লার দরবারে তৃণমূলের ২০ বিদ্রোহী সাংসদ – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর এবার লোকসভাতেও চরম বিপর্যয়ের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরে এবার নজিরবিহীন ভাঙনের বড়সড় দাবি করলেন দল থেকে সাসপেন্ড হওয়া নেতা ঋজু দত্ত। তাঁর দাবি, আগামী সোমবারই দিল্লির বুকে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করতে চলেছেন তৃণমূলের প্রায় ২০ জন বিদ্রোহী সাংসদ। আর তার ঠিক আগেই, রবিবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে একটি হাইপ্রোফাইল বৈঠকে বসতে চলেছেন তাঁরা।
তৃণমূলের অন্দরের এই বিস্ফোরক পরিস্থিতি নিয়ে ঋজু দত্ত স্পষ্ট জানান, “সোমবার বিদ্রোহী সাংসদরা স্পিকার ওম বিড়লার কাছে যাচ্ছেন। তবে তার আগে রবিবারই একটি বড় বৈঠক হতে চলেছে, যেখানে স্বয়ং বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থাকতে পারেন।”
বিজেপিতে না গিয়েও এনডিএ-কে সমর্থন! চাল চালছে বিদ্রোহীরা?
ঋজু দত্তর মতে, এই বিদ্রোহী সাংসদরা এখনই সরাসরি বিজেপিতে যোগ দেবেন না। দলত্যাগ বিরোধী আইনের জটিলতা এড়াতে তাঁরা লোকসভায় নিজেদের একটি আলাদা ‘ব্লক’ বা গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছেন। ঋজু বলেন, “বিদ্রোহীদের তালিকায় আপাতত ২০ জন সাংসদ রয়েছেন, যা আগামী দিনে আরও বাড়তে পারে। এঁরা দল না বদলে সরাসরি দেশের স্বার্থে এনডিএ (NDA)-কে সমর্থন জানাবেন। এতে বিজেপির যেমন আসন বাড়বে, তেমনই সাংসদদের পদও টিকবে— অর্থাৎ এক ঢিলে দুই পাখি!”
বিদ্রোহী ব্লকের নেতৃত্বে কাকলি-শতাব্দী-সায়নীরা!
রাজনৈতিক মহলে গুঞ্জন, লোকসভায় তৃণমূলের এই নতুন বিদ্রোহী ব্লকের হাল ধরেছেন বর্ষীয়ান নেত্রী কাকলি ঘোষ দস্তিদার। শুধু তাই নয়, শতাব্দী রায়, জুন মালিয়া এবং সায়নী ঘোষের মতো হেভিওয়েট তারকারাও এই ব্লকেই যোগ দিয়েছেন বলে খবর। অন্যদিকে রাজ্যসভাতেও সুখেন্দু শেখর রায় এবং প্রকাশ চিক বরাইকের মতো নেতারা ইতিমধ্যেই দল ও পদ থেকে ইস্তফা দিয়ে এনডিএ-কে সমর্থনের কথা জানিয়ে দিয়েছেন।
বিধানসভাতেও একা পড়ে যাচ্ছেন মমতা?
লোকসভার পাশাপাশি বিধানসভাতেও কার্যত ধস নেমেছে মমতার দলে। বিধানসভার প্রায় ৬০ জন বিধায়ক দলের নির্দেশ অমান্য করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে বেছে নিয়েছেন। তাঁদেরও অভিযোগ, দলে থাকার সময় তাঁদের কোনও কথাই শোনা হতো না। লোকসভা ও রাজ্যসভার পর এবার দিল্লির স্পিকারের দরবারে তৃণমূল সাংসদদের এই পদক্ষেপ বাংলার রাজনীতিতে এক নতুন ভূমিকম্পের ইঙ্গিত দিচ্ছে।
