শৃঙ্খলিত মাদুরোর ছবিতে হোয়াইট হাউসের প্রেমদিবসের শুভেচ্ছা ঘিরে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক – এবেলা
এবেলা ডেস্কঃ
ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে হোয়াইট হাউস প্রকাশিত বিশেষ কার্ড ঘিরে আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। দ্বিতীয় ট্রাম্প প্রশাসনের সাফল্য হিসেবে ভেনেজুয়েলার প্রাক্তন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বন্দি অবস্থার ছবি ব্যবহার করা হয়েছে সেখানে। চোখে কালো পট্টি ও হাতে শিকল পরা মাদুরোর ছবির পাশে লেখা হয়েছে, ‘আমার হৃদয় দখল করেছ’। নেটদুনিয়ায় এই ঘটনাকে কুরুচিকর মস্করা বলে নিন্দা জানিয়েছেন অনেকে।
গত জানুয়ারিতে মার্কিন ডেল্টা ফোর্সের অভিযানে ক্ষমতাচ্যুত ও গ্রেপ্তার হন বামপন্থী নেতা মাদুরো। বর্তমানে নিউইয়র্কের ব্রুকলিন জেলে বন্দি থাকা এই নেতার সেই বিধ্বস্ত ছবিকেই ট্রাম্প প্রশাসন রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। এই তালিকায় গ্রিনল্যান্ড ইস্যু ও ডেমোক্র্যাট সেনেটরদের প্রসঙ্গও স্থান পেয়েছে। তবে একজন রাষ্ট্রপ্রধানকে এমন অবমাননাকরভাবে উপস্থাপনা করায় হোয়াইট হাউসের কূটনৈতিক শিষ্টাচার নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে।

