শেয়ারবাজারে হাহাকার: দুই দিনে বিনিয়োগকারীদের ৭ লক্ষ কোটি টাকা উধাও – এবেলা
এবেলা ডেস্কঃ
দালাল স্ট্রিটে রক্তক্ষরণ অব্যাহত। বৃহস্পতিবারের রেশ ধরে শুক্রবার সকালেও বড়সড় পতনের মুখে ভারতীয় শেয়ারবাজার। এদিন সকাল ১০টা ১০ মিনিট নাগাদ সেনসেক্স ৮৮৬ পয়েন্ট পড়ে ৭৫,১৪৭-এ এবং নিফটি ৫০ সূচক ২৫১ পয়েন্ট কমে ২৩,৩৫৩-তে নেমে আসে। এই ব্যাপক ধসের ফলে মাত্র কয়েক ঘণ্টায় বিনিয়োগকারীদের প্রায় ৭ লক্ষ কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে।
বাজার বিশেষজ্ঞদের মতে, ইরান যুদ্ধের সম্ভাবনা এবং বিশ্ববাজারে অপরিশোধিত তেলের চড়া দামের নেতিবাচক প্রভাব ভারতের অর্থনীতিতে পড়েছে। বৈশ্বিক অস্থিরতার কারণে ব্যাংকিং, মেটাল ও ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের শেয়ারগুলোতে ব্যাপক ধস নেমেছে। বিশেষ করে এইচডিএফসি এবং স্টেট ব্যাংকের মতো বড় ওয়েটেজ থাকা শেয়ারগুলোর পতন বাজারকে আরও নিচের দিকে টেনে নামিয়েছে।
ভূ-রাজনৈতিক উত্তেজনা ও বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির প্রবণতাকে এই বিপর্যয়ের অন্যতম কারণ হিসেবে দেখছেন বাজার বিশেষজ্ঞরা। তবে বাজারের এই চরম মন্দার মাঝেও ডিফেন্স সেক্টর এবং হিন্দুস্তান ইউনিলিভার, রিলায়েন্স ও ভারতী এয়ারটেলের মতো কিছু নির্দিষ্ট স্টকে সামান্য বৃদ্ধির লক্ষ্য করা গেছে। সামগ্রিকভাবে অস্থির বিশ্ব পরিস্থিতির কারণে বর্তমানে চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে বিনিয়োগকারীরা।

