শেষ হতে চলেছে ইরান যুদ্ধ? ট্রাম্পের ‘এক্সিট প্ল্যান’ ঘিরে তুঙ্গে জল্পনা – এবেলা
এবেলা ডেস্কঃ
একুশ দিনে পা দিল ইরান ও মার্কিন-ইজরায়েল সংঘাত। বিশ্বজুড়ে তেলের আকাশছোঁয়া দাম আর অস্থিরতার মাঝেই বড়সড় ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সমাজমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ তিনি দাবি করেছেন, আমেরিকার সামরিক উদ্দেশ্য প্রায় সফল এবং ‘মিশন ইরান’ এখন শেষের পথে।
ধ্বংস হয়েছে ইরানের রণশক্তি
ট্রাম্পের দাবি অনুযায়ী, মার্কিন অভিযানে ইরানের মিসাইল ক্ষমতা, নৌসেনা এবং বায়ুসেনার পরিকাঠামো কার্যত গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, ইরান যাতে কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করেছে ওয়াশিংটন। এবার মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান কমিয়ে আনার ‘এক্সিট প্ল্যান’ নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে হোয়াইট হাউস।
হরমুজ প্রণালী ও জ্বালানি সংকট
বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম লাইফলাইন হরমুজ প্রণালী বর্তমানে কার্যত অচল। সারি সারি তেলবাহী জাহাজ দাঁড়িয়ে থাকায় ভারতসহ বিভিন্ন দেশে তেলের আকাল দেখা দিয়েছে। এই প্রসঙ্গে ট্রাম্পের সাফ কথা, হরমুজ প্রণালী যারা ব্যবহার করে, সেই দেশগুলোকেই এর নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। আমেরিকা কেবল সাহায্যকারী হিসেবে পাশে থাকবে।
শান্তি ও মিত্রশক্তির সুরক্ষা
যুদ্ধ শেষের ইঙ্গিত দিলেও ইজরায়েল, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহীর মতো বন্ধু দেশগুলোর সুরক্ষায় আমেরিকা আগের মতোই অনড় থাকবে বলে জানিয়েছেন ট্রাম্প। ইরানের বর্তমান সংকট মিটে গেলে মধ্যপ্রাচ্যের অভ্যন্তরীণ বিষয়ে আমেরিকা আর নাক গলাবে না বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

