শ্রাবণী মেলা ২০২৬: পুণ্যার্থীদের জন্য পূর্ব রেলের মেগা প্রস্তুতি, থাকছে ২১ জোড়া বিশেষ ট্রেন ও উন্নত পরিষেবা – এবেলা

শ্রাবণী মেলা ২০২৬: পুণ্যার্থীদের জন্য পূর্ব রেলের মেগা প্রস্তুতি, থাকছে ২১ জোড়া বিশেষ ট্রেন ও উন্নত পরিষেবা – এবেলা

এবেলা ডেস্কঃ

শ্রাবণী মেলা উপলক্ষে বাবা বৈদ্যনাথ ধাম ও বাসুকিনাথ ধামগামী লক্ষ লক্ষ ভক্তের সফর নিরাপদ ও আরামদায়ক করতে বড় পদক্ষেপ নিল পূর্ব রেল। সম্প্রতি দায়িত্ব গ্রহণের পরই পূর্ব রেলের জেনারেল ম্যানেজার শ্রীমতী গীতিকা পান্ডে এক উচ্চপর্যায়ের বৈঠকে সামগ্রিক প্রস্তুতি খতিয়ে দেখেন। ভক্তদের যাত্রা মসৃণ রাখতে তিনি ২৪ ঘণ্টা নজরদারি, ভিড় নিয়ন্ত্রণ, সঠিক সময়ে ট্রেন চালানো এবং সর্বোচ্চ পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশ দিয়েছেন।

পুণ্যার্থীদের সুবিধার্থে জসিডি, দেওঘর, বৈদ্যনাথ ধাম ও বাসুকিনাথ স্টেশনে যে সমস্ত বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে:

  • বর্ধিত হোল্ডিং এলাকা ও এআই প্রযুক্তি: জসিডি স্টেশনের হোল্ডিং এলাকা ৮৯% বাড়িয়ে ১২,৫০০ জন যাত্রীর থাকার উপযোগী করা হয়েছে। এখানে থাকছে এআই (AI) চালিত সিসিটিভি ক্যামেরা, ২৪ ঘণ্টার ওয়ার রুম, ডেডিকেটেড অ্যাম্বুলেন্স, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র ও বায়ো-টয়লেট।
  • ২১ জোড়া মেলা স্পেশাল ট্রেন: অতিরিক্ত যাত্রী সামলাতে ১,০১৭টি ট্রিপে মোট ২১ জোড়া মেলা স্পেশাল ট্রেন চালানো হবে। এগুলি গোরক্ষপুর, রক্সৌল, জয়নগর, দানাপুর, পাটনা, বারাণসী, জামালপুর, গোড্ডা ও সাহেবগঞ্জের মতো গুরুত্বপূর্ণ রুট যুক্ত করবে।
  • সহজ টিকিট ব্যবস্থা: দ্রুত টিকিট পাওয়ার জন্য ২০টি ইউটিএস কাউন্টার, ৬টি এটিভিএম (ATVM) এবং ৩০টি মোবাইল ইউটিএস ডিভাইস প্রস্তুত রাখা হয়েছে।
  • অতিরিক্ত কোচ ও ট্রেনের সময়সীমা: মিথিলা, গঙ্গাসাগর, বালিয়া ও মোকামা এক্সপ্রেসে অতিরিক্ত কোচ যুক্ত করা হয়েছে। পাশাপাশি জসিডি স্টেশনে ট্রেনের স্টপেজের সময় বাড়ানো হয়েছে।
  • জরুরি ব্যবস্থা: যেকোনো আপৎকালীন পরিস্থিতির জন্য মধুপুর, জসিডি এবং আসানসোলে ৩টি অতিরিক্ত ট্রেনের রেক প্রস্তুত রাখা হয়েছে।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শ্রী শিবরাম মাঝি জানিয়েছেন, রেলের সমস্ত বিভাগ সমন্বিতভাবে কাজ করছে। তিনি পুণ্যার্থীদের বৈধ টিকিট নিয়ে ভ্রমণ করা এবং রেল সুরক্ষা বাহিনীর (RPF) নির্দেশিকা মেনে চলার পরামরশ দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *