সংসদে জোড়া স্থায়ী কমিটি হারাল তৃণমূল, জাতীয় রাজনীতিতে বড় ধাক্কা মমতা শিবিরের!

জাতীয় রাজনীতিতে ফের বড় ধাক্কার মুখে পড়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। লোকসভার স্পিকার ওম বিড়লা এবং রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণণের যৌথ উদ্যোগে সংসদের বিভিন্ন সংসদীয় স্থায়ী কমিটিগুলি পুনর্গঠন করা হয়েছে। এই রদবদলে সংসদের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির চেয়ারপার্সন পদ হাতছাড়া হয়েছে ঘাসফুল শিবিরের। শনিবার প্রকাশিত নতুন তালিকা অনুযায়ী, বাণিজ্য এবং রাসায়নিক ও সার সংক্রান্ত স্থায়ী কমিটিতে এই বড় পরিবর্তন এসেছে।
প্রকাশিত তালিকা অনুযায়ী, বাণিজ্য সংক্রান্ত স্থায়ী কমিটির নতুন সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে বিজেপির প্রবীণ সাংসদ সুধাংশু ত্রিবেদীকে। পূর্বে এই কমিটির চেয়ারম্যান পদে ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন। পাশাপাশি, রাসায়নিক ও সার সংক্রান্ত স্থায়ী কমিটির ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে, যেখানে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার দায়িত্ব পেলেও কীর্তি আজাদ পদ হারিয়েছেন। রাজনৈতিক মহলের মতে, তৃণমূলের অন্দরের বিভাজন এবং বর্তমান রাজনৈতিক সমীকরণের জেরে এই রদবদল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
