লেটেস্ট নিউজ

সদস্যপদ নবীকরণ না করায় দীপ্সিতাকে ঘিরে তুঙ্গে জল্পনা

সিপিএমের তরুণ নেত্রী দীপ্সিতা ধর দলের সদস্যপদ এখনও নবীকরণ না করায় রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে। সাধারণত প্রতি বছর ১ জানুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় পেরিয়ে গেলেও দীপ্সিতার এই ‘নিষ্ক্রিয়তা’ তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে। সম্প্রতি দলীয় নেতৃত্বের প্রতি ক্ষোভ প্রকাশ করে প্রতীক উর রহমানের পথেই কি তিনি হাঁটছেন, তা নিয়ে জোর জল্পনা চলছে।

দলের একাংশের দাবি, নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলেও দীপ্সিতা পুনর্নবীকরণের আবেদন জানাননি। তবে শ্রীরামপুরের এই প্রাক্তন লোকসভা প্রার্থী নিজে ভিন্ন মত পোষণ করেছেন। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী হিসেবে তাঁর সদস্যপদ দিল্লির অন্তর্ভুক্ত। এই বিষয়ে দীপ্সিতার সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, “এখনও সময় আছে।” তবে ৩১ মার্চের মধ্যে তিনি ফর্মে সই করবেন কি না, সে বিষয়ে কোনও স্পষ্ট ইঙ্গিত দেননি এই বাম নেত্রী।

গত কয়েক মাস ধরে দলীয় কর্মসূচিতে দীপ্সিতার অনুপস্থিতি লক্ষ্যণীয়। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে লড়াকু ভাবমূর্তি তুলে ধরলেও বর্তমানে তাঁকে বিতর্কসভা বা মিছিলে আগের মতো সক্রিয় দেখা যাচ্ছে না। তাঁর নিজের নির্বাচনী এলাকাতেও অন্য যুবনেত্রীদের কর্মসূচি বৃদ্ধি পাওয়ায় দলের সঙ্গে দূরত্বের তত্ত্ব আরও জোরালো হচ্ছে। আসন্ন ভোটের মুখে দীপ্সিতার এই অবস্থান বাম শিবিরের অন্দরে অস্বস্তি বাড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *