“সন্ত্রাসবাদ নিয়ে ছিনিমিনি নয়!” আমেরিকাকে কড়া বার্তা বিদেশমন্ত্রীর – এবেলা

এবেলা ডেস্কঃ
নিউ ইয়র্ক: সীমান্তপারের সন্ত্রাসবাদ ভারতের জন্য একটি অত্যন্ত সংবেদনশীল এবং প্রধান উদ্বেগের বিষয়। ভারতের বন্ধু দেশগুলি যদি এই বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব না দেয়, তবে তার প্রভাব সরাসরি দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর পড়তে পারে। সম্প্রতি নিউ ইয়র্কে ‘এশিয়া সোসাইটি’ আয়োজিত এক আলোচনাসভায় ভারত-মার্কিন সম্পর্ক এবং ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা নিয়ে কথা বলতে গিয়ে ঠিক এই ভাষাতেই আমেরিকাকে কড়া বার্তা দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
ট্রাম্প প্রশাসনের আমলে আমেরিকা ও পাকিস্তানের কূটনৈতিক যোগাযোগ নতুন করে বৃদ্ধি পাওয়া প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, প্রতিবেশী রাষ্ট্র থেকে গত কয়েক দশক ধরে পরিকল্পিতভাবে চালানো সন্ত্রাসবাদের যে অভিজ্ঞতা ভারতের রয়েছে, তা বিশ্বের খুব কম দেশেরই আছে। তাই ভারতের এই প্রধান উদ্বেগকে কোনও সহযোগী রাষ্ট্র হালকাভাবে নিলে দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হওয়া স্বাভাবিক।
আমেরিকার বর্তমান শুল্কনীতি ও আন্তর্জাতিক পরিস্থিতির কারণে অনেক দেশের সঙ্গেই তাদের সম্পর্ক জটিলতার মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে বিদেশমন্ত্রী জানান, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি চূড়ান্ত হলে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। তবে ভারতের ক্ষুদ্র উৎপাদক ও কৃষকদের স্বার্থ রক্ষা করে চুক্তি এগোতে গেলে ধৈর্য এবং পুঙ্খানুপুঙ্খ আলোচনার প্রয়োজন রয়েছে।
বাণিজ্য সংক্রান্ত ‘Section 301’ সহ মার্কিন শুল্কনীতির নানা জটিলতা সত্ত্বেও নয়াদিল্লি চায় আলোচনার মাধ্যমে দ্রুত এই সমস্ত সমস্যার সমাধান করে ওয়াশিংটনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে।
