সপ্তমীর আনন্দের মাঝেই ভীতি বাড়াচ্ছে আকাশ, জেনে নিন আজ কোন কোন জেলায় নামবে বৃষ্টি – এবেলা

এবেলা ডেস্কঃ
পুজোর আনন্দের আবহেই হাওয়া অফিস শোনালো বৃষ্টির দুঃসংবাদ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মহাসপ্তমীতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বিশেষ করে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা বর্ষণ হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়েও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শহর কলকাতার আকাশ সকাল থেকেই আংশিক মেঘলা থাকতে পারে এবং বিকেলের দিকে আবহাওয়া পরিবর্তনের প্রবল সম্ভাবনা রয়েছে। তাই মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখতে বেরোনোর আগে ব্যাগে ছাতা রাখা অত্যন্ত জরুরি।
তবে পুজোপ্রেমীদের জন্য কিছুটা স্বস্তির খবরও দিয়েছে আবহাওয়া দফতর। সপ্তমীতে ভিজলেও অষ্টমীর দিন থেকে দক্ষিণবঙ্গে পরিস্থিতির পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। ওই দিন থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা ও সম্ভাবনা অনেকটাই কমে যেতে পারে। উত্তরবঙ্গেও কোথাও ভারী দুর্যোগের কোনো বড় বার্তা নেই। তবুও আবহাওয়ার মেজাজ যেকোনো মুহূর্তে বদলাতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। ফলে উৎসবের দিনে ঠাকুর দেখতে বাড়ি থেকে বেরোনোর আগে অবশ্যই আবহাওয়ার সাম্প্রতিক আপডেট দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
