সপ্তাহজুড়ে বঙ্গে আবহাওয়ার খামখেয়ালিপনা: উত্তর ও দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস – এবেলা
এবেলা ডেস্কঃ
সকাল থেকে মেঘলা আকাশ আর দুপুরের চড়া রোদের মাঝে বঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে আজ থেকেই বৃষ্টির তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি সহ সংলগ্ন জেলাগুলোতে বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার ও শনিবার এই পরিস্থিতি আরও জোরালো হওয়ার ইঙ্গিত মিলেছে।
অন্যদিকে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকলেও শুক্রবার থেকে পরিস্থিতির পরিবর্তন ঘটবে। কলকাতা, হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম ও বর্ধমানসহ একাধিক জেলায় রবিবার পর্যন্ত দফায় দফায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে ঝড়ের দাপট বাড়ার পাশাপাশি বৃষ্টির স্থায়িত্ব বাড়তে পারে বলে জানানো হয়েছে। তবে বৃষ্টি হলেও ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি এখনই পিছু ছাড়ছে না। বরং আর্দ্রতার কারণে সাধারণ মানুষের নাজেহাল দশা অব্যাহত থাকতে পারে।
আজ মঙ্গলবারও রাজ্যের বিভিন্ন প্রান্তে বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েকদিন রোদ, মেঘ ও বৃষ্টির এই অনিশ্চিত খেলা চলবে। বিশেষ করে শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই অস্থির আবহাওয়ায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বাইরে বেরোনোর সময় ছাতা সাথে রাখা এবং বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়াই এখন শ্রেয়।

