সবংয়ে জলমগ্ন মাছের ভেড়িতে ভয়ানক কাণ্ড – এবেলা

এবেলা ডেস্কঃ
পশ্চিম মেদিনীপুরের সবংয়ে জলবন্দি জনজীবনের মাঝেই নেমে এলো চরম বিপর্যয়। গত বুধবার বিকেলে এলাকা প্লাবিত থাকার সুযোগে একটি মাছের ভেড়িতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল ২৮ বছর বয়সী যুবক কার্তিক হাজরার। তাঁর বাড়ি দুবরাজপুর এলাকায়। স্থানীয় সূত্রের খবর, বিকেল সাড় তিনটে নাগাদ মাছের ভেড়িতে থাকা ট্রান্সফর্মারে কাজ করার সময় আচমকাই তিনি বিদ্যুতায়িত হন। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। একের পর এক এই ধরণের প্রাণহানির ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।
এলাকাবাসীর অভিযোগ, সবংয়ের বর্তমান প্লাবন পরিস্থিতির জন্য বেআইনি ইটভাটা এবং অবৈধ মাছের ভেড়িগুলিই প্রধানত দায়ী। নিয়মবহির্ভূতভাবে যত্রতত্র বাঁধ দেওয়ার কারণেই এলাকা জুড়ে কৃত্রিম বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, গত রবিবারও সবংয়ের বন্যা পরিস্থিতিতে এক শিশু ও এক বৃদ্ধের মৃত্যু হয়েছিল। একের পর এক প্রাণহানির ঘটনায় স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ বাড়ছে। এরই মধ্যে মুখ্যমন্ত্রী সবং সফরে আসছেন। ক্ষতিগ্রস্ত ও শোকসন্তপ্ত পরিবারগুলি রাজ্য সরকারের তরফ থেকে আর্থিক ক্ষতিপূরণ পাবে কি না, এখন সেদিকেই পরম আশায় তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
