‘সবার শংসাপত্র বাতিল করা সম্ভব নয়’, সরকারের বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞা জারি ডিভিশন বেঞ্চের – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্যে ২০১১ সাল থেকে প্রদান করা তফসিলি জাতি, উপজাতি এবং অনগ্রসর শ্রেণির (ওবিসি) শংসাপত্রগুলি পুনরায় যাচাই সংক্রান্ত রাজ্য সরকারের বিজ্ঞপ্তির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাই কোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে যে, আপাতত এই বিজ্ঞপ্তির ভিত্তিতে সরকার কোনও ঢালাও পদক্ষেপ করতে পারবে না।
উল্লেখ্য, গত ১৪ মে রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল যে ২০১১ থেকে ২০২৪ সালের মধ্যে দেওয়া সমস্ত জাতিগত শংসাপত্র পুনর্মূল্যায়ন বা স্ক্যান করা হবে এবং কোনও শংসাপত্র ‘ভুয়ো’ প্রমাণিত হলে তা বাতিল করা হতে পারে। সরকারের এই সিদ্ধান্তের আইনি বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। মামলাকারীর পক্ষে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য আদালতে যুক্তি দেন, রাজ্যের এভাবে গণহারে শংসাপত্র পরীক্ষা বা বাতিল করার কোনও আইনি একচ্ছত্র ক্ষমতা নেই। অন্যদিকে, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎনাথ মিত্র জানান, ভোটার কার্ড, অন্য নথি ও পারিবারিক ইতিহাস পরীক্ষা করে এই ধরণের পদক্ষেপ করার অধিকার রাজ্যের রয়েছে।
উভয়পক্ষের বক্তব্য শোনার পর ডিভিশন বেঞ্চ সরকারের সেই বিজ্ঞপ্তির ওপর স্থগিতাদেশ জারি করে। তবে হাই কোর্ট স্পষ্ট করেছে যে, ঢালাও যাচাই বন্ধ থাকলেও নির্দিষ্টভাবে কোনও ব্যক্তি বা শংসাপত্রের বিরুদ্ধে ভুয়ো হওয়ার লিখিত অভিযোগ জমা পড়লে জেলাস্তরের আধিকারিকেরা তা নিয়মানুযায়ী খতিয়ে দেখে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবেন।
