সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর, অবশেষে মিলল বকেয়া DA-র আপডেট!

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্যের শিক্ষক ও শিক্ষাকর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার (ডিএ) জট কাটাতে তৎপর হয়েছে রাজ্য সরকার। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকাশ ভবন থেকে অধ্যাপক, শিক্ষক ও শিক্ষাকর্মীদের বকেয়া ডিএ সংক্রান্ত ফাইল নবান্নে পাঠানো হয়েছে। স্কুলশিক্ষা ও উচ্চশিক্ষা দফতর পৃথকভাবে এই তথ্য সংগ্রহ ও প্রক্রিয়াকরণের কাজ সম্পন্ন করেছে, যা এখন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
২০০৮ সালের এপ্রিল থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ ও ডিআর সংক্রান্ত তথ্য সংগ্রহের অগ্রগতি পর্যালোচনায় অর্থ দফতর একটি উচ্চপর্যায়ের বৈঠক করেছে। এই বকেয়া মেটানোর জন্য একটি সুনির্দিষ্ট ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর’ (এসওপি) তৈরির নির্দেশ দেওয়া হয়েছে, যা আগামী ১৩ এপ্রিলের মধ্যে চূড়ান্ত করতে বলা হয়েছে। বর্তমানে নির্বাচনি আদর্শ আচরণবিধি কার্যকর থাকলেও, আদালতের নির্দেশ ও আইনি বাধ্যবাধকতার প্রেক্ষিতে এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে প্রশাসনিক তৎপরতা অব্যাহত রয়েছে।
