সরকারি কর্মীদের ২০% ডিএ বৃদ্ধি! পুজোর আগেই অ্যাকাউন্টে ঢুকবে টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর! সোমবার রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের জন্য এক ধাক্কায় ২০ শতাংশ মহার্ঘ ভাতা বা ডিএ (DA) বৃদ্ধির ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আর এই ঘোষণার পরই বকেয়া ডিএ এবং কবে থেকে বর্ধিত টাকা হাতে পাওয়া যাবে, তা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
পুজোর মাসেই বড় উপহার
কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ-র ফারাক প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, “কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ-র ব্যবধান ছিল ৪২ শতাংশ। আমাদের সরকার ২০ শতাংশ দিয়ে দিল। আগামী অক্টোবর মাস থেকেই সরকারি কর্মীরা এই নতুন ডিএ পেয়ে যাবেন।” অর্থাৎ, অক্টোবর থেকে এই নিয়ম কার্যকর হওয়ায় নভেম্বর মাসের বেতনেই এর বড় প্রভাব পড়বে। পুজোর মরশুমে এই ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশির হাওয়া কর্মী মহলে।
আগের সরকারের মতো আমরা অমানবিক নই: মুখ্যমন্ত্রী
বাজেট শেষে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দেন, “বাকি থাকা ২২ শতাংশ ডিএ-ও ধাপে ধাপে মিটিয়ে দেওয়া হবে। এই সরকার সবসময় কর্মীদের পাশে আছে এবং তাঁদের সঙ্গে নিয়েই চলবে। আগের সরকারের মতো আমরা অমানবিক নই।”
তিনি আরও যোগ করেন, “২০১৬ থেকে ২০১৯ সালের যে বকেয়া ছিল, তা কার্যত আমাদের সরকার পরিষ্কার করে দিয়েছে। এবার ২০০৮ থেকে ২০১৫ সালের যে বকেয়া পড়ে রয়েছে, সেটাও দিয়ে দেওয়া হবে। কর্মীরা নিশ্চিন্তে থাকুন, কারণ আপনাদের আন্দোলনের অংশ একসময় আমিও ছিলাম।”
সব মিলিয়ে এই ২০ শতাংশ ডিএ বৃদ্ধিতে রাজ্য সরকারি কর্মীদের একাংশ অত্যন্ত খুশি হলেও, একাংশের মধ্যে এখনও কিছুটা ক্ষোভ রয়েছে। তাঁরা সম্পূর্ণ বকেয়া মিটিয়ে কেন্দ্রের সমান ডিএ পাওয়ার আশায় রয়েছেন।
