সরকারি গাইডলাইন ভেঙে ভর্তিতে বেনিয়ম মেদিনীপুরের স্কুলে
মেদিনীপুরের অলিগঞ্জ গার্লস হাইস্কুলে পঞ্চম শ্রেণিতে ভর্তি নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, প্রধান শিক্ষিকা সরকারি নির্দেশিকা অমান্য করে নিজস্ব ক্যাম্পাসের প্রাথমিক পড়ুয়াদের বাদ দিয়ে লটারির মাধ্যমে বহিরাগতদের ভর্তি নিচ্ছেন। স্কুলের পরিচালন সমিতির প্রাক্তন সভাপতির দাবি, নিয়ম বহির্ভূতভাবে পড়ুয়াদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে, যা নিয়ে এলাকায় শোরগোল শুরু হয়েছে।
পাল্টা যুক্তিতে প্রধান শিক্ষিকা সুজাতা গোস্বামী সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, সরকারি নিয়ম ও বর্তমান পরিচালন কমিটির সিদ্ধান্ত মেনেই স্বচ্ছতার সাথে লটারি প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। ক্যাম্পাসের বেসরকারি প্রাথমিক স্কুলটির আইনি বৈধতা নিয়ে জটিলতা থাকায় এবং বিষয়টি আদালতের বিচারাধীন হওয়ায় উর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে দুপক্ষের বাদানুবাদে ভর্তি প্রক্রিয়া ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

