সরকারি জলপ্রকল্পে ‘চুরির মহোৎসব’, নিরাপত্তা নিয়ে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী – এবেলা

এবেলা ডেস্কঃ
মেখলিগঞ্জ: কোচবিহারের মেখলিগঞ্জের উচলপুকুরি এলাকায় একের পর এক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সরকারি জলপ্রকল্প থেকে শুরু করে সাধারণ মানুষের সম্পত্তি—নিরাপত্তার অভাবে কিছুই যেন আর নিরাপদ নয়। বৃহস্পতিবার গভীর রাতে চুরির সাম্প্রতিক ঘটনাটি ঘটে উচলপুকুরির জমেরডাঙ্গা এলাকায়।
কী কী চুরি হয়েছে?
অভিযোগ, বৃহস্পতিবার রাতে দুষ্কৃতীরা উচলপুকুরি জল সরবরাহ প্রকল্পের জোন-২-এর পাম্প নম্বর ১ থেকে আই-প্ল্যানের দুটি এবং ডব্লিউএইচ (WH) স্কিমের একটি মোটর চুরি করে নিয়ে যায়। একই রাতে ওই এলাকাতেই আমিনুর মিঞা নামে এক বাসিন্দার ভ্যানগাড়িও চুরি হয়েছে।
চক্রব্যূহে এলাকাবাসী:
স্থানীয়দের দাবি, এই ঘটনা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। একের পর এক চুরির ঘটনায় এলাকা এখন আতঙ্কের কেন্দ্রবিন্দু—
- সম্প্রতি ১ নম্বর এসসি প্রাইমারি স্কুলের পাম্পের মোটর চুরি হয়েছে।
- এর আগে জোন-২-এর পাম্প নম্বর ৩ থেকে বড় মোটর, ব্যাটারি এবং প্যানেল বোর্ডের দামি কপার তার চুরি গিয়েছিল।
প্রশাসনের দ্বারস্থ ভুক্তভোগীরা:
বারবার সরকারি প্রকল্পের সরঞ্জাম খোয়া যাওয়ায় জল সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। পাম্প অপারেটর বাবুল হোসেন ও ইয়াসিন মিঞা থেকে শুরু করে স্থানীয় গ্রামবাসী জগন্নাথ রায় ডাকুয়া, রাজারাম দাস ও আজিজার রহমানরা প্রশাসনের কাছে দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, বারবার এমন ঘটনা ঘটলেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ক্ষেত্রে প্রশাসনের গাফিলতি স্পষ্ট। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং দোষীদের খুঁজে বের করার আশ্বাস দিয়েছে। এখন দেখার, পুলিশি তৎপরতায় এই চোর চক্রের হদিস মেলে কি না।
