‘সরকারি নির্দেশ’! তৃণমূল নেতাকে ডিম ছুড়ে বিতর্কে বিজেপি নেতা, পরে যা হল – এবেলা

‘সরকারি নির্দেশ’! তৃণমূল নেতাকে ডিম ছুড়ে বিতর্কে বিজেপি নেতা, পরে যা হল – এবেলা

এবেলা ডেস্কঃ

পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের বালিসাইয়ে তৃণমূল নেতা মানস দাসের ওপর ‘ডিম থেরাপি’র ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। স্থানীয় বিএলআরও অফিসের সামনে তৃণমূলের প্রবীণ নেতা তথা রামনগর-২ ব্লকের ভূমি কর্মাধ্যক্ষ মানস দাসকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারেন বিজেপি নেতা সুব্রত দাস। এখানেই থেমে থাকেননি তিনি, ওই তৃণমূল নেতার মুখে ও মাথায় ডিম মাখিয়ে হেনস্থাও করা হয়।

এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে শোরগোল পড়ে যায়। ভিডিওতে দেখা গেছে, সুব্রত দাসকে স্থানীয়রা বাধা দিলে তিনি দাবি করেন, এটি “সরকারি নির্দেশ” এবং তিনি বর্তমানে “ইনচার্জে” আছেন। এই মন্তব্যের পর স্থানীয়দের সঙ্গে তাঁর বচসা ও ধস্তাধস্তিও হয়।

ঘটনাটি প্রকাশ্যে আসার পরই বিজেপি রাজ্য নেতৃত্ব অত্যন্ত কঠোর অবস্থান নেয়। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এই ঘটনাকে ‘অপসংস্কৃতি’ বলে তীব্র নিন্দা করেন এবং দল যে কোনওভাবেই এমন কাজ সমর্থন করে না, তা স্পষ্ট করে দেন।

দলের শীর্ষ নেতৃত্বের চাপে পড়ে শেষ পর্যন্ত নতিস্বীকার করেন অভিযুক্ত বিজেপি নেতা সুব্রত দাস। তিনি কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি সোমনাথ রায়ের কাছে একটি লিখিত চিঠিতে ক্ষমা চেয়েছেন। পাশাপাশি একটি ভিডিও বার্তায় তিনি বলেন, “এই ঘটনা সম্পূর্ণ ব্যক্তিগত। এর সঙ্গে দল বা সরকারের কোনো সম্পর্ক নেই। ব্যক্তিগত আক্রোশ থেকেই এমন কাজ করেছি। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *