সরকারি স্কুলে থালা নেই! ছেঁড়া কাগজের পাতায় প্রজাতন্ত্র দিবসের ভোজ – এবেলা
এবেলা ডেস্কঃ
প্রজাতন্ত্র দিবসে মধ্যপ্রদেশের মাইহার জেলার এক সরকারি স্কুলে শিশুদের সম্মানের বদলে জুটল চরম অবমাননা। বিশেষ মধ্যাহ্নভোজে থালার পরিবর্তে খাতার পুরনো ও নোংরা কাগজের পাতায় পরিবেশন করা হলো পুরি-হালুয়া। গরম খাবারে কালি ও রাসায়নিক মিশে যাওয়ার স্বাস্থ্যঝুঁকি উপেক্ষা করেই মাটিতে বসে এভাবেই খেতে বাধ্য করা হয় ক্ষুদে পড়ুয়াদের।
ঘটনার ভিডিও ভাইরাল হতেই প্রশাসনের নজরদারির অভাব নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। অথচ থালা কেনার জন্য সরকারি বরাদ্দ আগেই দেওয়া হয়েছিল। চাঞ্চল্যকর তথ্য হলো, সরকারি পুষ্টি প্রকল্পের পোর্টালে মাইহার জেলার নামই নেই। জেলা শিক্ষা দপ্তর তদন্তের নির্দেশ দিলেও এমন অমানবিক অব্যবস্থা জনমনে ব্যাপক প্রশ্ন তুলেছে।

