সরকারের নির্দেশ উড়িয়ে বন্দে মাতরম নিয়ে বড় সিদ্ধান্ত কংগ্রেসের! – এবেলা

এবেলা ডেস্কঃ
কেন্দ্রীয় সরকারের নির্দেশকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে ছ’টি স্তবকের পরিবর্তে ঐতিহাসিকভাবে প্রচলিত ‘বন্দে মাতরম’-এর মাত্র দু’টি স্তবকই গাওয়ার সিদ্ধান্তে অনড় রইল কংগ্রেস। সম্প্রতি গোয়ায় অনুষ্ঠিত দলের সম্মেলনে নিজেদের এই অবস্থান অত্যন্ত স্পষ্ট করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে দাবি করেন, গত নব্বই বছর ধরে যেভাবে এই গান গাওয়া হচ্ছে, তা হঠাৎ করে কোনো সরকার এসে বদলে দিতে পারে না। মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু থেকে শুরু করে অটলবিহারী বাজপেয়ী এবং খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এতদিন এই নিয়মই মেনে এসেছেন বলে মন্তব্য করেন তিনি।
এদিকে স্বাধীনতা দিবসের একটি বিতর্কিত ভিডিওকে কেন্দ্র করে সোনিয়া ও রাহুল গান্ধীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। এই সংঘাতে হাত শিবিরের অন্দরেই তৈরি হয়েছে দ্বিমত। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, জাতীয়তাবাদ ও হিন্দুত্বের মতো স্পর্শকাতর ইস্যু জড়িয়ে থাকায় কংগ্রেসের উচিত ছিল আরও সতর্ক ও পরিমিত পদক্ষেপ করা। ফলে বন্দে মাতরম বিতর্কের জেরে আগামী দিনে রাজনৈতিক চাপানউতোর যে আরও বাড়বে, তা বলাই বাহুল্য।
