সরকারের সঙ্গে বৈঠকেও মেলেনি সমাধান! সোমবার বিধানসভা অভিযানে ঝাড়খণ্ডের পড়ুয়ারা – এবেলা

এবেলা ডেস্কঃ
নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগে ঝাড়খণ্ডে আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে সরকারের রবিবার রাতের উচ্চপর্যায়ের আলোচনা ব্যর্থ হওয়ায় তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। রাঁচিতে ১৭ দিন ধরে চলা এই আন্দোলনের জট না খোলায় আজ সোমবারে পুরনো বিধানসভা চত্বর থেকে নতুন বিধানসভা পর্যন্ত বিশাল শান্তিপূর্ণ মিছিল ও ঘেরাওয়ের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। বিক্ষোভ দমনে বিধানসভা ভবনের ৭৫০ মিটারের মধ্যে কঠোর নিষেধাজ্ঞা জারি করে গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে প্রশাসন।
ছাত্রদের প্রধান দাবিগুলির মধ্যে জেএসএসসি-সিজিএল পরীক্ষা বাতিল এবং সিবিআই তদন্তের জোরালো দাবি রয়েছে, যা এখনও মেনে নেয়নি সরকার। তবে ৯৮ শতাংশ দাবি পূরণের দাবি করে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও রাজ্যপাল সন্তোষ কুমার গঙ্গওয়ার আন্দোলন প্রত্যাহারের আবেদন জানালেও অনড় অবস্থান বজায় রেখেছেন পড়ুয়ারা। ইতিমধ্যে জেপিএসসি-র তিন সদস্য পদত্যাগ করায় এবং সিআইডি জিজ্ঞাসাবাদের তলব করায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।
