লেটেস্ট নিউজ

সাঁকরাইলে প্রার্থী নিয়ে বিজেপির কোন্দল তুঙ্গে: ২ হাজার কর্মীর ইস্তফার হুঁশিয়ারি – এবেলা

এবেলা ডেস্কঃ

হাওড়ার সাঁকরাইল বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় বর্ণালী ঢালির নাম ঘোষণা হতেই বিজেপির অন্দরে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। শুক্রবার সকাল থেকেই স্থানীয় নেতা ও কর্মীদের একাংশ এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়ে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, ঘোষিত প্রার্থীর পরিবর্তে দীর্ঘদিনের সংগঠক ও বর্তমান পঞ্চায়েত বিরোধী দলনেতা বিকাশ ঢালিকে প্রার্থী করতে হবে।

বিক্ষুব্ধ শিবিরের নেতারা ধূলাগড়ের একটি হোটেলে বৈঠক করে জানান যে, বর্ণালী ঢালির জয়ের ক্ষমতা নিয়ে কর্মীরা সন্দিহান। তাঁদের মতে, তৃণমূলকে হারাতে বিকাশ ঢালিই যোগ্য বিকল্প। এই দাবি পূরণ না হলে প্রায় দুই হাজার কর্মী দল থেকে গণ-ইস্তফা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। জেলা ও রাজ্য নেতৃত্বের কাছে ইতিমধ্যে লিখিত আবেদনের প্রস্তুতিও শুরু হয়েছে।

পাল্টা প্রতিক্রিয়ায় জেলা বিজেপি সভাপতি গৌরাঙ্গ ভট্টাচার্য জানান, কেন্দ্রীয় নেতৃত্ব সবদিক বিচার করেই প্রার্থী চয়ন করেছে এবং এখানে ব্যক্তির চেয়ে দলীয় প্রতীকই মুখ্য। অন্যদিকে, বিজেপির এই অভ্যন্তরীণ বিবাদকে কটাক্ষ করে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন তৃণমূল প্রার্থী প্রিয়া পাল। সব মিলিয়ে নির্বাচনের আগে সাঁকরাইলে পদ্ম শিবিরের ফাটল এখন প্রকাশ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *