সাইবার ঠগিদের ডেরায় ইডির হানা: দিল্লি-সহ ৯ জায়গায় তল্লাশি, উদ্ধার লক্ষ লক্ষ টাকা – এবেলা
এবেলা ডেস্কঃ
নয়াদিল্লি: আন্তর্জাতিক সাইবার জালিয়াতি চক্রের পর্দাফাঁস করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। অবৈধ কল সেন্টার চালিয়ে বিদেশি নাগরিকদের প্রতারণার অভিযোগে দিল্লি, পাঞ্জাব ও হরিয়ানার মোট ৯টি ঠিকানায় ম্যারাথন তল্লাশি চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তল্লাশিতে ৩৪ লক্ষ টাকা নগদ এবং বিপুল পরিমাণ ডিজিটাল নথি উদ্ধার করা হয়েছে।
যেভাবে চলত প্রতারণার জাল
তদন্তে জানা গিয়েছে, জনি, দক্ষয় শেঠি এবং গৌরব ভার্মা নামক তিন ব্যক্তি ‘ডিজি-ক্যাপস’ নামে একটি অবৈধ কল সেন্টার চালাচ্ছিলেন। সেখান থেকেই মার্কিন নাগরিকদের টার্গেট করা হতো। নিজেদের ‘টেকনিক্যাল সাপোর্ট’ টিমের সদস্য পরিচয় দিয়ে অভিযুক্তরা আমেরিকানদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিত। এরপর মার্কিন ট্যাক্স বিভাগ বা আইআরএস-এর ভয় দেখিয়ে তাঁদের থেকে লক্ষ লক্ষ ডলার হাতিয়ে নেওয়া হতো বলে অভিযোগ।
বিদেশেও ছিল নেটওয়ার্ক
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর (FBI) দেওয়া তথ্যের ভিত্তিতে সিবিআই একটি এফআইআর দায়ের করেছিল। সেই সূত্র ধরেই পিএমএলএ (PMLA) আইনের আওতায় তদন্ত শুরু করে ইডি। প্রতারণার টাকা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ভারতে আনা হতো। এরপর ‘ব্লিস ইনফ্রা প্রোপার্টিজ’ ও ‘ব্লিস ইনফ্রাভেঞ্চারস’ নামক ভুয়ো কো ম্পা নির মাধ্যমে সেই কালো টাকা রিয়েল এস্টেট ব্যবসায় বিনিয়োগ করা হতো বলে জানিয়েছেন গোয়েন্দারা।
তদন্তে চাঞ্চল্যকর তথ্য
বৃহস্পতিবারের এই অভিযানে ইডি আধিকারিকরা জালিয়াতির কাজে ব্যবহৃত একাধিক গ্যাজেট বাজেয়াপ্ত করেছেন। উদ্ধার হওয়া নথি থেকে ভারত ও বিদেশে দামী সম্পত্তি কেনার প্রমাণ মিলেছে। এই চক্রের সাথে আরও বড় কোনো রাঘববোয়াল জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

