সাগরে সাতসকালে শোরগোল বাইকে এসে বিজেপি নেতাকে লক্ষ্য করে চলল গুলি – এবেলা
এবেলা ডেস্কঃ
দক্ষিণ ২৪ পরগনার সাগরে সাতসকালে শুটআউটের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আক্রান্ত হয়েছেন মথুরাপুর সাংগঠনিক জেলার প্রাক্তন আহ্বায়ক তথা সক্রিয় বিজেপি কর্মী ত্রিলোকেশ ঢালি। এই ঘটনাকে কেন্দ্র করে ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। গেরুয়া শিবিরের অভিযোগের তির শাসকদল তৃণমূল কংগ্রেসের দিকে, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ঘাসফুল শিবির।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে দলীয় একটি অনুষ্ঠানে যোগ দিতে বাইক চালিয়ে যাচ্ছিলেন ত্রিলোকেশবাবু। সকাল আটটা নাগাদ গঙ্গাসাগর ও শ্রীধাম বাসস্ট্যান্ডের মধ্যবর্তী এলাকায় দুই দুষ্কৃতী বাইকে করে এসে তাঁর পথ আটকায়। কিছু বুঝে ওঠার আগেই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন ওই বিজেপি নেতা। দুষ্কৃতীরা দ্রুত ঘটনাস্থল থেকে চম্পট দেয়।
গুরুতর জখম অবস্থায় ত্রিলোকেশ ঢালিকে উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। এই হামলার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়ায়। বিজেপির কর্মী-সমর্থকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে গঙ্গাসাগর উপকূল থানার পুলিশ।
বিজেপির দাবি, আসন্ন নির্বাচনে ত্রিলোকেশ ঢালির প্রার্থী হওয়ার সম্ভাবনা ছিল, তাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৃণমূল এই হামলা চালিয়েছে। পাল্টা দাবিতে তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। পুরনো শত্রুতার জেরে এই হামলা হয়ে থাকতে পারে বলে তাঁদের অনুমান। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।
