সাপ্লিমেন্টারি ভোটার তালিকা থেকেও বাদ বহু মতুয়া, বাগদায় তুঙ্গে রাজনৈতিক তরজা – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যে প্রকাশিত সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় কয়েক হাজার মতুয়ার নাম বাদ পড়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিশেষ করে বাগদা বিধানসভা কেন্দ্রে এই সংখ্যার আধিক্য সবথেকে বেশি বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। পূর্বে এই কেন্দ্রে ১৫ হাজার ৩০৩ জনের নাম বাদ গিয়েছিল এবং ১৩ হাজারের বেশি নাম ছিল বিচারাধীন। তবে সাম্প্রতিক সাপ্লিমেন্টারি তালিকায় মাত্র ১ হাজার ৯৯৩ জনের নাম অন্তর্ভুক্ত হয়েছে, যা সাধারণ ভোটার ও মতুয়া সম্প্রদায়ের একাংশের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।
ভুক্তভোগীদের অনেকেরই অভিযোগ, ঠাকুরবাড়িতে রেজিস্ট্রেশন এবং সরকারি সুযোগ-সুবিধা পাওয়া সত্ত্বেও তাঁদের নাম ভোটার তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের মণ্ডপঘাটায় একই পরিবারের একাধিক সদস্যের নাম বাদ পড়ার ঘটনাও সামনে এসেছে। দীর্ঘ কয়েক বছর ভোট দেওয়ার পর হঠাৎ এই নাম বিভ্রাটে সাধারণ মানুষ বিভ্রান্ত। বিশেষ করে ‘বিচারাধীন’ তালিকায় থাকা ব্যক্তিদের নামও চূড়ান্ত সাপ্লিমেন্টারি তালিকায় না ফেরায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
এই পরিস্থিতি ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপি রোহিঙ্গাদের নাম বাদ দেওয়ার অজুহাতে কৌশলে মতুয়াদের নাম তালিকা থেকে মুছে দিচ্ছে। অন্যদিকে, বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিকাশ ঘোষ আশ্বাস দিয়েছেন যে, প্রতিটি বৈধ ভোটারের নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। বর্তমানে ভোটার তালিকা থেকে বাদ পড়া এই বিশাল সংখ্যক মানুষের ভবিষ্যৎ এবং ভোটাধিকার প্রয়োগ নিয়ে অনিশ্চয়তা বজায় রয়েছে।

