সাফল্যের শিখরে উঠে স্বামীর ধুতি ও টিকি নিয়ে আপত্তি পুলিশ অফিসার স্ত্রীর, ঘর ভাঙছে ৬ বছরের দাম্পত্যের – এবেলা
এবেলা ডেস্কঃ
ভোপালে এক সাব-ইনস্পেক্টর মহিলার আচরণে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, যে স্বামী নিজের পৌরোহিত্যের সামান্য উপার্জনে তিল তিল করে অর্থ জমিয়ে স্ত্রীকে পড়াশোনা করিয়ে আজ বড় অফিসার বানিয়েছেন, বর্তমান পদমর্যাদার অহংকারে সেই স্বামীকেই এখন ত্যাগের পথে স্ত্রী। আদালতের কাউন্সেলিংয়ে ওই মহিলা সাফ জানিয়েছেন যে, স্বামীর সনাতনী ধুতি-কুর্তা পরা বা টিকি রাখা এখন তাঁর আভিজাত্যের সঙ্গে মানানসই নয়। জনসমক্ষে স্বামীর এই সাধারণ পরিচয় দিতে তিনি লজ্জিত বোধ করছেন।
দীর্ঘ ৬ বছরের সাজানো সংসার আজ খাদের কিনারায় দাঁড়িয়ে। স্বামী জানান, স্ত্রীকে স্নাতক করানো থেকে শুরু করে কোচিংয়ের সমস্ত খরচ তিনি অত্যন্ত কষ্টের সাথে বহন করেছিলেন, কিন্তু চাকরি পাওয়ার পরই স্ত্রীর মানসিকতা বদলে গিয়েছে। বর্তমানে পারিবারিক আদালতে এই মামলার শুনানি চলছে। বিশেষজ্ঞ মহলে বিষয়টি পদমর্যাদাজনিত মানসিক সমস্যা হিসেবে আলোচিত হলেও পুলিশ অফিসার স্ত্রী নিজের সিদ্ধান্তে অনড় রয়েছেন। আধুনিক সম্পর্কের এই চরম টানাপোড়েন বর্তমানে স্থানীয় স্তরে ব্যাপক আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

