সাবধান! ‘ডিজিটাল অ্যারেস্ট’ থেকে বাঁচতে দেশজুড়ে স্বরাষ্ট্র মন্ত্রকের হুলিয়া – এবেলা
এবেলা ডেস্কঃ
শহরজুড়ে বয়স্ক নাগরিকদের টার্গেট করে ছড়িয়ে পড়া ‘ডিজিটাল অ্যারেস্ট’ রুখতে দেশব্যাপী চিরুনি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সিবিআই বা পুলিশের ভুয়া পরিচয় দিয়ে ভিডিও কলের মাধ্যমে ভয় দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে চক্রটি। সম্প্রতি গোয়ালিয়র ও দিল্লিতে দুই বয়স্ক ব্যক্তির থেকে প্রায় ১৬ কোটি টাকা আত্মসাতের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন।
প্রতারণা রুখতে প্রতিটি রাজ্যকে দ্রুত তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার কড়া নির্দেশ দিয়েছে মন্ত্রক। কেন্দ্রীয় বার্তা অনুযায়ী, কোনো সরকারি সংস্থা ভিডিও কলে জিজ্ঞাসাবাদ বা অর্থ দাবি করে না। সন্দেহজনক কল এলে অবিলম্বে জাতীয় সাইবারক্রাইম পোর্টালে অভিযোগ জানাতে এবং ব্যক্তিগত তথ্য আদান-প্রদান থেকে বিরত থাকতে সাধারণ মানুষকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে।
