‘সামান্য হাঁটু ব্যথায় পা হারালেন বৃদ্ধা!’, অভিষেকের ‘সেবাশ্রয়’ নিয়ে উঠল মারাত্মক অভিযোগ – এবেলা

এবেলা ডেস্কঃ
ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জির স্বপ্নের প্রকল্প ‘সেবাশ্রয়’ এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। নিজের লোকসভা কেন্দ্রকে মডেল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ নিলেও, বর্তমানে একের পর এক গুরুতর অভিযোগে বিদ্ধ হচ্ছে এই প্রকল্প। ভুয়ো চিকিৎসক, ভুল চিকিৎসা এবং নিয়ম ভাঙার মতো একাধিক অভিযোগ উঠছে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
সাম্প্রতিক একটি ঘটনায় অভিযোগের মাত্রা ছাড়িয়েছে। ডায়মন্ড হারবারের বিজেপি নেতা অভিজিৎ দাস ববির দাবি, ‘সেবাশ্রয়’-এর ভুল চিকিৎসার কারণেই এক মহিলার পা বাদ দিতে হয়েছে। এই ঘটনায় অভিষেক ব্যানার্জি-সহ ১১ জনের বিরুদ্ধে রবীন্দ্রনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগীর বিস্ফোরক বয়ান: অভিজিৎ দাস ববি জানিয়েছেন, মালতী বিশ্বাস নামে এক মহিলা হাঁটুতে সামান্য ব্যথা নিয়ে ‘সেবাশ্রয়’ ক্যাম্পে গিয়েছিলেন। সেখান থেকে তাঁকে ওষুধ দিয়ে অন্য ক্যাম্পে পাঠানো হয় এবং পরবর্তীকালে বাঙ্গুর হাসপাতালে রেফার করা হয়। বিজেপি নেতার অভিযোগ, ‘সেবাশ্রয়’-এর রেফারেল বলেই হয়তো অন্য হাসপাতালগুলোতে রোগীকে গুরুত্ব দেওয়া হয়নি। ভুল চিকিৎসায় পায়ের শিরা কেটে ফেলায় শেষ পর্যন্ত মহিলার পা বাদ দিতে হয়। সাংসদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ।
পরিবারের অসহায়তা: মালতী বিশ্বাসের ছেলের অভিযোগ, তাঁর মা আগে স্বাভাবিকভাবে হাঁটতে পারতেন। শুধুমাত্র সামান্য ব্যথার চিকিৎসা করাতে গিয়ে আজ চিরতরে পা হারিয়েছেন তিনি। অভিযোগ, একাধিক হাসপাতালে ঘুরেও কোনো সুরাহা হয়নি, বরং চিকিৎসার নামে মহিলার অবস্থা আরও সংকটজনক হয়ে ওঠে। পরিবারের অভিযোগ, সাহায্য চেয়ে বারবার সাংসদের অফিসে গেলেও তাঁদের দেখা করার সুযোগ দেওয়া হয়নি, এমনকি ফোনও ধরেননি দায়িত্বপ্রাপ্তরা।
