সায়ক ও অনন্যাকে রাহুলের তীব্র কটাক্ষ, নেটপাড়ায় তুঙ্গে বিতর্ক – এবেলা
এবেলা ডেস্কঃ
সোশ্যাল মিডিয়ার আলোচিত মুখ সায়ক চক্রবর্তী ও তাঁর পরিবারকে কেন্দ্র করে দানা বাঁধা একের পর এক বিতর্কে এবার ঘি ঢাললেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি সায়কের প্রাক্তন বৌদির বিস্ফোরক অভিযোগ এবং অনন্যা-সুকান্তর বিয়েতে বাউন্সার বিতর্ক নিয়ে উত্তাল নেটপাড়া। এই প্রেক্ষাপটেই রাহুল নাম না করে ফেসবুকে বিদ্রূপাত্মক পোস্ট করেছেন।
রাহুল তাঁর পোস্টে লিখেছেন, “বাংলার গো রক্ষকরা বৌদি আর বাউন্সারে আটকে, বাংলার গরুদের কী হবে?” মূলত জানুয়ারি মাসে পার্ক স্ট্রিটের একটি পাবে সায়কের তোলা গোমাংস বিতর্কের রেশ ধরেই এই খোঁচা। এছাড়া সায়কের প্রাক্তন বৌদি সুস্মিতার পারিবারিক অভিযোগ এবং অনন্যা গুহর বিয়েতে অব্যবস্থাপনা নিয়েও অভিনেতা নিজের বিরক্তি প্রকাশ করেছেন।
উল্লেখ্য, সায়ক চক্রবর্তীর বিরুদ্ধে এর আগে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগ উঠেছিল। অন্যদিকে, ইনফ্লুয়েন্সার অনন্যা ও সুকান্তর বিয়েতে বাউন্সারের বাড়বাড়ন্ত নিয়ে আমন্ত্রিতদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। সমসাময়িক এই সবকটি ঘটনাকে মিলিয়ে রাহুলের এই তীর্যক মন্তব্য বর্তমানে বিনোদন জগতে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

