সিআইডির গুলিতে বিজেপি কর্মী খুনে অভিযুক্তের মৃত্যু, রহস্য উন্মোচনে তৈরি রাজ্য পুলিশের ৫ সদস্যের সিট – এবেলা

এবেলা ডেস্কঃ
মুর্শিদাবাদের সামশেরগঞ্জে সিআইডির ইনস্পেক্টরের গুলিতে বিজেপি কর্মী খুনে অভিযুক্ত সামাউল হকের মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গত ২৭ অক্টোবর দুপুরে ঘটনার পুনর্নির্মাণের সময় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পুলিশি হেফাজত থেকে পালানোর চেষ্টার অভিযোগে এই এনকাউন্টার হলেও মৃতের পরিবারের দাবি এটি সম্পূর্ণ পরিকল্পিত হত্যাকাণ্ড। অবশেষে এই হাইপ্রোফাইল মামলার আসল রহস্য উদঘাটন এবং নিরপেক্ষ তদন্তের জন্য রাজ্য পুলিশের নির্দেশে ৫ সদস্যের বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়েছে। জঙ্গিপুর মহকুমা সার্কেল ইনস্পেক্টর এবং ফরাক্কার এসডিপিও-র নেতৃত্বে গঠিত এই সিট দ্রুত তদন্তের কাজ শুরু করতে চলেছে।
অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে মানবাধিকার কর্মীরা মৃতের পরিবারের পাশে দাঁড়িয়ে আইনি সাহায্যের আশ্বাস দিয়েছেন। নিহত সামাউলের স্ত্রী রাজেদা খাতুন জানান, পুলিশের পক্ষ থেকে এখনও তাঁদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি এবং নাবালক সন্তানদের ভবিষ্যতের জন্য তাঁরা সরকারের সাহায্য প্রার্থনা করছেন। ধুলিয়ানের বিজেপি কর্মী সুজিত মণ্ডল খুনের মামলার অন্যতম প্রধান অভিযুক্ত ছিলেন এই সামাউল। বর্তমানে সিআইডির এই এনকাউন্টারের প্রকৃত সত্য উন্মোচনে সিটের তদন্তের দিকেই নজর রাখছে সমগ্র রাজ্যবাসী।
