সিইও দফতরে জুতো বৃষ্টি আর ধুন্ধুমার কাণ্ড, নিরাপত্তা ইস্যুতে এবার সরাসরি প্রধান বিচারপতির এজলাসে শুভেন্দু – এবেলা
এবেলা ডেস্কঃ
February 25, 202612:26 pm
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরে ঢুকতে গিয়ে নজিরবিহীন হেনস্থার মুখে পড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার অফিসের ঢোকার মুখে তাঁকে লক্ষ্য করে শুধু বিক্ষোভই নয়, রীতিমতো জুতো ছোড়া হয়েছে বলে অভিযোগ। আর এই চরম বিশৃঙ্খলার পরেই নিজের নিরাপত্তা নিশ্চিত করতে ফের কলকাতা হাইকোর্টের কড়া নাড়লেন তিনি।
শুভেন্দু অধিকারীর আইনজীবীর দাবি, বিরোধী দলনেতার নিরাপত্তা নিয়ে হাইকোর্টের আগের নির্দেশ থাকা সত্ত্বেও পুলিশ সেদিন নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করার অনুমতি মিলেছে। শুভেন্দুর অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই তাঁর ওপর হামলা চালানো হয়েছে যা অত্যন্ত উদ্বেগজনক।
পাল্টা অভিযোগে বিদ্ধ বিজেপি শিবির
অন্যদিকে, সিইও দফতরের বাইরের এই অশান্তি নিয়ে জল গড়িয়েছে বহুদূর। বিএলও-দের (BLO) পক্ষ থেকে পাল্টা অভিযোগ আনা হয়েছে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। তনুশ্রী মোদক ভট্টাচার্য নামে এক মহিলা বিএলও অভিযোগ করেছেন, বিজেপি কর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে তাঁদের ওপর হামলা চালিয়েছে। এমনকি মহিলা শিক্ষিকাদের উদ্দেশে অশালীন আচরণের অভিযোগও তুলেছেন তিনি।
প্রশাসনের কাছে কড়া পদক্ষেপের দাবি
এই ঘটনায় সরব হয়েছেন আন্দোলনরত শিক্ষকরাও। তাঁদের দাবি, শান্তিপূর্ণ অবস্থান চলাকালীন বহিরাগতরা এসে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। প্রশাসনের কাছে পাঁচটি সুনির্দিষ্ট দাবি জানিয়ে বিএলও-দের পক্ষ থেকে এফআইআর দায়ের করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দোষীদের চিহ্নিত করা এবং আক্রান্ত সরকারি কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে এই অভিযোগে। সব মিলিয়ে সিইও দফতর চত্বরের সেই ধুন্ধুমার কাণ্ড এখন আইনি লড়াইয়ের ময়দানে।

