সিইসি-কে মমতার কড়া চিঠি: নাম নয় পদে সম্বোধন, প্রশাসনের রদবদল নিয়ে তোপ – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্য প্রশাসনে লাগাতার রদবদল নিয়ে সরব হয়ে মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে ফের চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের চিঠিতে ব্যক্তিগত নামের পরিবর্তে পদমর্যাদা উল্লেখ করে ‘ডিয়ার মিস্টার সিইসি’ সম্বোধন করেছেন তিনি, যা রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ডিসেম্বরের পর থেকে এটি কমিশনকে লেখা মুখ্যমন্ত্রীর নবম চিঠি।
চিঠিতে মুখ্যমন্ত্রী মূলত দুটি সমস্যার কথা তুলে ধরেছেন। প্রথমত, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার (এসআইআর) মাঝপথে জেলা নির্বাচনী আধিকারিকদের বদলি করায় কাজের ব্যাঘাত ঘটছে ও গণতন্ত্রের পরিপন্থী পরিস্থিতি তৈরি হচ্ছে। দ্বিতীয়ত, মার্চ-এপ্রিলের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় অভিজ্ঞ আধিকারিকদের সরিয়ে দেওয়ায় জনস্বার্থ বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। কোনো অভিযোগ ছাড়াই এই অপসারণকে ‘ক্ষমতার অপব্যবহার’ বলে উল্লেখ করেছেন মমতা।
মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, প্রশাসনের এই অস্থিরতার কারণে রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হলে তার দায়ভার সম্পূর্ণ নির্বাচন কমিশনকেই নিতে হবে। ১৫ জন আইপিএস অফিসারকে ভিন রাজ্যে পর্যবেক্ষক হিসেবে নিয়োগের সিদ্ধান্তের সমালোচনা করে একে ‘স্বেচ্ছাচারী’ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন তিনি। প্রাতিষ্ঠানিক নিরপেক্ষতা বজায় রাখতে কমিশনকে এ ধরনের একতরফা সিদ্ধান্ত থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে ওই চিঠিতে।

